তদন্তে অবৈধ সাব্যস্ত, ব্যবস্থা নেয়নি প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আকানগরে কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। এটি অবৈধ উল্লেখ করে ২১ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রতিবেদন দিয়েছেন তেজখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। তবে কার্যক্রম বন্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুরের আকানগরের ১৩ নম্বর মৌজায় পাশের নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামের আবদুল লতিফসহ কয়েকজন কৃষিজমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করছেন। এতে ওই এলাকার ১৫৪ শতক কৃষিজমিও ব্যবহার করছেন তাঁরা। প্রতিবেদনে অবৈধ এই ইটভাটা নির্মাণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। প্রতিবেদনের অনুলিপি অতিরিক্ত জেলা প্রশাসক বরাবরও দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
ইটভাটার মালিক আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘আমি ইউএনওর সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন সমস্যা নাই, ইটভাটার কাজ করে যান। কাগজপত্র তৈরি করুন। এখন আমরা ইটভাটায় পোড়ানোর জন্য মাটি জমা করছি।’
তেজখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মকবুল হোসেন বলেন, ‘আমি সরেজমিনে আকানগরে কৃষিজমিতে ইটভাটা নির্মাণের প্রমাণ পাই। অবৈধভাবে ইটভাটা নির্মাণ করার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে ইউএনও স্যারকে যথাসময়ে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
ইউএনও মামুনুর রশিদ বলেন, ‘ইটভাটা নির্মাণ করতে তিনি (আবদুল লতিফ) আবেদন করেছেন। এখন কী করার আছে?।’ এলজিইডির সড়কের পাশে এবং কৃষিজমিতে ইটভাটা নির্মাণ করা যায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত করে দেখতে হবে।’
এ বিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোশারফ হোসেনের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।