তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় যশোরের কেশবপুরের প্যারাডাইস ক্লিনিক গতকাল মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়েছে। সিভিল সার্জনের গঠন করা তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হলো।

গতকালের অভিযানে নেতৃত্ব দেন যশোরের সিভিল সার্জন গোপেন্দ্র নাথ আচার্য। এ সময় ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। সিভিল সার্জন বলেছেন, প্যারাডাইস ক্লিনিকের লাইসেন্স বাতিলের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করবেন।

পরিবার সূত্রে জানা যায়, কেশবপুর সদর ইউনিয়নের আলতাপোল গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী লাকি আক্তার (২৪) গত ২২ ফেব্রুয়ারি প্যারাডাইস ক্লিনিকে ভর্তি হন। এদিন বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সন্তান জন্ম দেন। এরপর থেকেই তাঁর প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। অবস্থা মারাত্মক আকার ধারণ করলে প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পুনরায় অস্ত্রোপচার করে লাকি আক্তারের পেট থেকে গজ-ব্যান্ডেজ পাওয়া যায়। অবস্থা আরও খারাপ হওয়ায় তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় লাকিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ ফেব্রুয়ারি মারা যান তিনি।

এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি লাকি আক্তারের স্বজনসহ এলাকার কয়েক শ নারী-পুরুষ কেশবপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তাঁরা ক্লিনিকটি বন্ধ ও ক্লিনিক মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই দাবিতে এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সিভিল সার্জনকে স্মারকলিপি দেওয়া হয়।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন সিভিল সার্জন গোপেন্দ্র নাথ আচার্য। কমিটির প্রধান করা হয় কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ আবু শাহীনকে। এ কমিটি ১২ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই প্যারাডাইস ক্লিনিক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল দুপুরে ক্লিনিকে অভিযানকালে সিভিল সার্জন ছাড়াও কর্মকর্তা শেখ আবু শাহীন উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন গোপেন্দ্র নাথ আচার্য প্রথম আলোকে বলেন, প্যারাডাইস ক্লিনিকে রোগীকে সেবা দেওয়ার মতো পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও উপকরণ নেই। প্রসূতি লাকি আক্তারের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে নানা অব্যবস্থাপনার চিত্র ধরা পড়েছে। তিনি বলেন, ক্লিনিক বন্ধ করা হয়েছে। এখন এর লাইসেন্স বাতিলের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত সুপারিশ করবেন। খুব তাড়াতাড়ি উপজেলার অন্যান্য ক্লিনিকেও অভিযান চালিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।