ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তে এবার যুক্ত হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। বিস্ফোরণ ঘটনার তদন্তস্থল বর্ধমানের মঙ্গলকোটের শিমুলিয়ার মাদ্রাসার মাটিতে বিস্ফোরক খোঁজার কাজেই তাদের নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এনএসজির কমান্ডোরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছাবেন।
২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণে নিহত হন দুই ব্যক্তি। তাঁরা বাংলাদেশি নাগরিক বলে দাবি ভারতের গোয়েন্দা সংস্থার। ওই ঘটনার তদন্তে প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ থাকলেও পরে তদন্তের ভার নেয় ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ওই বিস্ফোরণের সঙ্গে একপর্যায়ে জড়িয়ে যায় শিমুলিয়ার মাদ্রাসাটি। তদন্তকারীদের দাবি, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত যাদের ধরা হয়েছে এবং জড়িত পলাতক সন্দেহভাজনরা শিমুলিয়ার মাদ্রাসার সঙ্গে জড়িত। ওই মাদ্রাসা থেকেই জঙ্গিবাদীদের কর্মকাণ্ড পরিচালিত হতো। গত রোববার থেকে তাই এনআইএ ওই মাদ্রাসায় ব্যাপক তল্লাশি শুরু করে। মঙ্গলবার দিনব্যাপী তল্লাশি শেষে সিআইডি এক প্রতিবেদনে জানায়, মাদ্রাসার মাটিতে বিস্ফোরক লুকানো থাকতে পারে। সিআইডির ওই প্রতিবেদনের পরই বিস্ফোরক উদ্ধারে পারদর্শী এনএসজিকে চাওয়া হয়। আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যবহার করে লুকানো বিস্ফোরক বা অস্ত্র খুঁজে বের করতে সক্ষম এনএসজি।
এদিকে এই তদন্তের লক্ষ্যে গতকাল বুধবার শিমুলিয়া মাদ্রাসার পাশে থাকা দুটি পুকুরের পানি সেচযন্ত্রের মাধ্যমে তুলে ফেলা হয়েছে। এখন এই পুকুরের মাটির নিচে, মাদ্রাসা চত্বরে বা মাদ্রাসার মাটির দেয়ালের মধ্যে কোনো বিস্ফোরক বা অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে কি না, তা অনুসন্ধান করে দেখবেন এনএসজির কমান্ডোরা।
গতকাল এনআইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খাগড়াগড় বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।