নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটীর একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়ে বিস্ফোরণের ঘটনায় পুলিশের তদন্তে কোনো অগ্রগতি নেই। গত শুক্রবার পর্যন্ত ওই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ চারজনের মৃত্যু হয়েছে।
গত রোববার সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটিতে চারতলা ভবনের নিচতলায় ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের (এসএসএস) কার্যালয়ে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন সাতজন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি জিডি করেছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
কিন্তু বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ হওয়া নিয়ে এলাকাবাসীর কৌতূহল রয়েছে। এ ছাড়া ঘটনার পর ছয় দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে আসেনি। ঘটনাস্থলটিও পুলিশ আবদ্ধ করে রাখেনি এবং কোনো ধরনের আলামতও সংগ্রহ করেনি।
ওই ঘটনায় অগ্নিদগ্ধ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এঁদের মধ্যে শুক্রবার পর্যন্ত নাসিরউদ্দিন মাতবর (২৮), আসলাম মাতবর (৪০), আরমান ফেরদৌস (২৫), সোহেল (২৬) নামের চারজন মারা যান।
অগ্নিদগ্ধ আবদুল হালিম ও মিজানুর রহমান নামের আরও দুজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। ওমর ফারুক নামের অগ্নিদগ্ধ আরেকজন নারায়ণগঞ্জে ৩০০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন।