
অধ্যাপক শফিউল ইসলাম হত্যার চার দিন পেরিয়ে গেছে। কিন্তু পুলিশ গতকাল মঙ্গলবার পর্যন্ত এ ঘটনায় কারা জড়িত, তা বের করতে পারেনি। তবে এ ঘটনায় জঙ্গিরা জড়িত বলে তারা প্রাথমিকভাবে নিশ্চিত। এটাকে সামনে রেখেই তারা তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) এস এম নাহিদুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গিদের জড়িত থাকার বিষয়ে তাঁরা প্রায় সুনিশ্চিত। এটাকে সামনে রেখেই তদন্তের কাজ এগোচ্ছে। তিনি বলেন, বাইরের কেউ এসে একা এ কাজ করতে পারে না। তাই স্থানীয় পর্যায়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও প্রতিক্রিয়াশীলদের মধ্যে সামনের সারির কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। দু্-এক দিনের মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা যাবে বলে তাঁরা আশা করছেন।
শিক্ষক হত্যার প্রতিবাদে গতকালও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। খুনিদের খুঁজে বের করে বিচারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বুধবার থেকে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক নিয়মে চলবে বলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার জানিয়েছেন।
গত শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন নগরের চৌদ্দপাই এলাকায় নিজের বাসার কাছে দুর্বৃত্তদের হামলায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল। তাঁর বাসার কাছেই থাকতেন সমাজবিজ্ঞান বিভাগের অপর শিক্ষক নাজমুল হক। তিনি নিরাপত্তাহীনতার কারণে চৌদ্দপাই এলাকার বাসা ছেড়ে দিয়েছেন। নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছেন অন্য শিক্ষকেরাও।
গতকাল দুপুরে চৌদ্দপাই এলাকায় গিয়ে দেখা যায় শিক্ষক শফিউলের বাসা তালাবদ্ধ। আর শিক্ষক নাজমুলের বাসার মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘এখানে থাকা মোটেও নিরাপদ নয়। এখান থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলে যাচ্ছি।’ তিনি বলেন, ‘গবেষণা ও পড়াশোনার জন্য নিরিবিলি এলাকায় বাসা নিয়েছিলাম। এখন মনে হচ্ছে তার আর দরকার নেই।’
এই মামলায় গ্রেপ্তার দেখানো ১১ আসামিকে সোমবার সন্ধ্যায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠানো হয়। আজ সেই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
ক্যাম্পাসে বিক্ষোভ: ক্লাস-পরীক্ষা বর্জন করে গতকাল বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তাতে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। মানববন্ধনে সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদার প্রমুখ বক্তব্য দেন। তাঁরা খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিভাগের পক্ষ থেকে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়। দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। তখন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও মিছিল করেন। শিক্ষক সমিতি আজ নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করবে।
ঢাকায় মানববন্ধন: আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, অধ্যাপক শফিউল হত্যাকারীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল অপরাজেয় বাংলায় এ কর্মসূচিতে অধ্যাপক মশিউর রহমান বলেন, ‘ধর্মান্ধ গোষ্ঠীর কাছে আমরা এভাবে হেরে যেতে পারি না। মুক্তচিন্তার মানুষ হওয়ার কারণে আজ তাঁকে প্রাণ দিতে হলো। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর হত্যাকারীদের শনাক্ত করতে না পারলে দেশের সব সমাজবিজ্ঞানী কঠোর আন্দোলনে যাবেন।’ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম খানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক মশিউর রহমান, রাশেদা ইরশাদ, আনোয়ার হোসেন, সাহাদাৎ হোসেন, সামিনা লুৎফা প্রমুখ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, অধ্যাপক শফিউল হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত এ কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, শিক্ষককে হত্যা করে জাতির বিবেককে হত্যা করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
আরও পড়ুন: