তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলের সঙ্গে কোকেন আনার ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে গতকাল সোমবার থেকে কাজ শুরু করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে তেলের মধ্যে কী পরিমাণ কোকেন রয়েছে তা জানতে জাতিসংঘের সহায়তা চেয়ে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রাজস্ব বোর্ড।
বন্দরে জব্দ হওয়া সূর্যমুখী তেলের চালানের নমুনা পরীক্ষার পর গত শনিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এতে কোকেন শনাক্ত হয়েছে। এ ঘটনায় পরদিন তদন্ত কমিটি গঠন করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কমিটির চার সদস্যের মধ্যে তিনজন তদন্তকাজে যুক্ত থাকবেন। পুরো তদন্তকাজ তদারক করবেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসেইন আহমেদ।
গতকাল সকালে তদন্ত কমিটির সদস্যরা তেলের ১০৭টি ড্রামসহ জব্দ কনটেইনারটির মালিকপক্ষের স্থানীয় প্রতিনিধির আগ্রাবাদ কার্যালয়ে যান। কনটেইনার পরিবহনকারী সংস্থা চীনের প্রতিষ্ঠান ‘কসকো কনটেইনার লাইন’। এই সংস্থার বাংলাদেশ প্রতিনিধি কসকো (বাংলাদেশ) শিপিং লাইনস লিমিটেড। এটি এইচআরসি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। কমিটির সদস্যরা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে বিকেলে প্রতিষ্ঠানটির আমদানি শাখার প্রধান জামাল হোসেন খন্দকার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে কমিটির সদস্যদের সঙ্গে আবার কথা বলেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালককে আগামী ১ জুলাই তদন্ত কমিটির কাছে হাজির হতে বলা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
কসকো (বাংলাদেশ) শিপিং লাইনস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার সিরাজউদ্দিন আহমদ প্রথম আলোকে জানান, তদন্ত কমিটির সদস্যরা তাঁদের কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাঁকে ১ জুলাই কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। তিনি জানান, তাঁরা সব ধরনের তথ্য দিয়ে কমিটিকে সহায়তা করবেন।
জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, তদন্তকাজে সহায়তা ও তেলের মধ্যে কোকেনের পরিমাণ জানতে জাতিসংঘের সহায়তা চেয়ে একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাতিসংঘের কাছে পাঠানো হবে।
মাদক আইনে গ্রেপ্তার: কোকেন শনাক্ত হওয়ার ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের কর্মী গোলাম মোস্তফাকে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, মাদক আইনের মামলায় গোলাম মোস্তফাকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেন বন্দর থানার পরিদর্শক (তদন্ত) বদরুল ইমাম। শুনানি শেষে আদালত আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। গোলাম মোস্তফাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হলেও মামলার মূল নথি আদালতে উপস্থাপন না করায় এ ব্যাপারে শুনানি হয়নি।
সূর্যমুখী তেলের চালানে তরল কোকেন শনাক্ত হওয়ার পর গত শনিবার আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও প্রতিষ্ঠানের কর্মী গোলাম মোস্তফার বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে। নুর মোহাম্মদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত।