তদন্তে দুই পীরের দ্বন্দ্বকে গুরুত্ব দিচ্ছে পুলিশ, এক পীর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বোঁচাগঞ্জে কথিত পীর ও তাঁর এক মুরিদ হত্যার তদন্তে দুই পীরের দ্বন্দ্বকে গুরুত্ব দিচ্ছে পুলিশ। এ ঘটনায় কুড়িগ্রাম থেকে ইসাহাক আলী (৫৭) নামে এক পীরকে আটক করা হয়েছে। তবে পুলিশ বলছে, তারা জঙ্গি যোগাযোগসহ অন্যান্য বিষয়ও খতিয়ে দেখছে।

গত সোমবার রাতে বোঁচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের ‘কাদেরিয়া মোহাম্মদী’ দরবারে কথিত পীর ও বিএনপির সাবেক নেতা ফরহাদ হোসেন চৌধুরী (৬০) এবং তাঁর মুরিদ রুপালি বেগমকে (১৮) গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত ফরহাদ হোসেনের মেয়ে ফাতিহা ফারহানা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বোঁচাগঞ্জ থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন দিনাজপুর জেলা পুলিশের কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার রুহুল আমিন। ওই মামলায় গতকাল বুধবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখায়নি পুলিশ। এলাকাবাসী ও অন্যরা এ ঘটনার পেছনে জঙ্গিদের হাত থাকার বিষয়ে সন্দেহ করলেও গতকাল পুলিশ বলেছে, তারা তদন্তে অন্য সূত্রও পেয়েছে।

পুলিশের সূত্রগুলো বলছে, তারা দুটি বিষয় সন্দেহ করে তদন্ত এগিয়ে নিচ্ছে। তাদের সন্দেহের তালিকায় প্রথমে রয়েছে দুই পীরের বিবাদ। এরপর তারা জঙ্গি যোগসূত্রসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখছে।

জেলার দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, কুড়িগ্রামের পাথরডুবির পীর ইসাহাক আলীর সঙ্গে ফরহাদ হোসেন চৌধুরীর বিবাদ দীর্ঘদিনের। ফরহাদ আগে এই ইসাহাক আলীর মুরিদ ছিলেন। বিভিন্ন সময়ে তিনি দরবারের উন্নয়নের জন্য ইসাহাককে আড়াই লাখ টাকাও দিয়েছিলেন। কিন্তু ইসাহাক তা দরবারের জন্য খরচ না করে নিজের জন্য খরচ করেন। এসব নিয়ে বিবাদের এক পর্যায়ে ইসাহাককে অস্বীকার করে ফরহাদ নিজেই পীর বনে যান। দরবার বানিয়ে মুরিদ বানানো শুরু করেন। ফরহাদ জনপ্রিয় ছিলেন, খুব দ্রুত তাঁর মুরিদের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। এদিকে ইসাহাক ফরহাদের বিরুদ্ধে নানা কথা বলতে থাকেন। এসব নিয়ে বিবাদ ছড়াতে থাকে। কয়েক দিন আগে ফরহাদের দরবারের খাদেম সাইদুর রহমানকে এসে হুমকি দিয়ে যান পীর ইসাহাকের মুরিদ বোঁচাগঞ্জের বাবু মিয়া।

পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে বাবুর দেওয়া হুমকির কথা বলেছেন খাদেম সাইদুর। এসব কারণে পীর ইসাহাক আলীকে আটক করে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ বলেছে, হত্যাকাণ্ডের পর থেকে বাবু পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাবুর মা ও বোনকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল বোঁচাগঞ্জের হাট মাধবপুরে বাবুদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় লোকজন বলেছেন, ফরহাদের কাদেরিয়া মোহাম্মদী দরবারটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন দরবারের চারদিকে কোনো বেড়া ছিল না। দরবারের সবচেয়ে কাছের বাড়ির আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, সাত মাস আগে ফরহাদ চৌধুরী টিন দিয়ে দরবারের খোলা অংশ ঘেরা শুরু করেন। দরবারের আশপাশে ছয়টি বাড়ি ছাড়া গ্রামের অন্য বাড়িগুলো বেশ দূরে।

কুড়িগ্রাম অফিস জানায়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বলেন, গতকাল ভোরে ভূরুঙ্গামারীর সীমান্তবর্তী পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামে পীরের আস্তানাসংলগ্ন নিজ বাড়ি থেকে পীর ইসাহাক আলীকে আটক করা হয়। পরে তাঁকে সদর থানায় পাঠানো হয়। বেলা আড়াইটার দিকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুরে পাঠানো হয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম বলেন, ইসাহাক আলীকে দিনাজপুর পুলিশের নির্দেশনায় আটক করা হয়। পরে তাঁকে দিনাজপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।