জনতা ব্যাংক লিমিটেডের গাজীপুর করপোরেট শাখার ৬০ লাখ টাকা লুটের ঘটনায় গত রোববার রাতে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. সোলাইমান বাদী হয়ে ব্যবসায়ী জাকির হোসেনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ওই মামলা করেন।
এ ঘটনায় আটক হওয়া ব্যাংকের দুই নিরাপত্তা প্রহরী নুরুল ইসলাম ও মহিউদ্দিন এবং তানভীর প্লাজার ব্যবস্থাপক নিত্যনন্দন সাহাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া তাঁদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, থানাপুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ, সিআইডি, র্যাবসহ বিভিন্ন সংস্থার একাধিক দল মামলাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। গত রোববার রাতে আটক প্রহরী নুরুল ইসলামের বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া এলাকা থেকে তাঁর স্ত্রী আজিরন, দুই ছেলে তৈবুর, লুৎফর ও মেয়ে রোজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, তানভীর প্লাজার পুরোনো কাপড় ব্যবসায়ী জাকিরসহ আরও কয়েকজন দুর্বৃত্ত টয়লেট ব্যবহারের কথা বলে গত শনিবার রাতে ব্যাংকের ভেতরে প্রবেশ করেন। টয়লেট ব্যবহারের পর ব্যাংকের ভেতরে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার পর প্রহরী নুরুল জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি দেখতে পান ব্যাংকের ভল্ট খোলা। এ সময় জাকিরসহ অন্যরা রাত ১০টা থেকে ভোর ছয়টার মধ্যে ব্যাংকের ভল্ট খুলে ওই টাকা চুরি করে নিয়ে যান। ঘটনার দুদিন আগে কার্যালয়ের কাজে ঢাকা যাওয়ায় তিনি (মো. সোলাইমান) তাঁর কাছে থাকা ভল্টের চাবি অপর কর্মকর্তা খুরশিদ আলমের কাছে দিয়ে যান।