তদন্তে বদলি-বাণিজ্যের অভিযোগ প্রমাণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বদলি-বাণিজ্যর অভিযোগের তদন্ত গত রোববার শেষ হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. নবী হোসেন এই তদন্ত করেন। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে বলে তদন্ত কমিটির সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা নবী হোসেন প্রথম আলোকে বলেন, তদন্তে অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিতভাবে জবাব চাওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
কমিটি গত রোববার কাজীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনজন শিক্ষকের সাক্ষ্য গ্রহণ করে। একই সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে একটি লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেয়।
কাজীপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের ঘুষের বিনিময়ে বদলিসহ নানা অভিযোগ ওঠে।
সম্প্রতি এ-সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।
পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা থেকে নবী হোসেনকে দায়িত্ব দিয়ে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন ­করা হয়।