তদন্তে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি করার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। গতকাল বুধবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক ও সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা আবু আহাদ বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই বিদ্যালয় থেকে অবিলম্বে বদলিসহ তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার ছাত্রীকে যৌন হয়রানি করেন ওই শিক্ষক। ওই দিনই ছাত্রীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতে শিবপদ দে ওই দিনই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
ওই ছাত্রীর মা বলেন, ওই শিক্ষক তিন মাস আগে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর মেয়েকে হয়রানি করেন। এরপর গত মঙ্গলবারও একই আচরণ করেন।