তদন্তে িগয়ে চাঁদপুরে তিন পুলিশ পিটুনির শিকার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি মামলার তদন্তে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন মতলব দক্ষিণ থানার উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যদের মধ্যে এসআই দীপক কুমার পাল ও কনস্টেবল দিলীপ কুমার নাথকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, দৌলতপুর গ্রামের হারুন খান জোরপূর্বক জমি থেকে মাটি কেটে নিচ্ছেন মর্মে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন একই এলাকার হাসানাত বকাউল।
মামলার তদন্তে গতকাল সকালে মতলব দক্ষিণ থানার এসআই দীপক কুমার পালসহ তিন পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। হারুন খানকে না পেয়ে পুলিশ তাঁর ছোট ভাই সায়েম খানকে (৩০) হাতকড়া পরিয়ে নিয়ে আসার সময় ১০-১২ জন পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় তারা লাঠিসোঁটা দিয়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে সায়েমকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন আহত তিন পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, তিনজনের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আটক এক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কথা ঠিক নয়। পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।