তদন্তের নির্দেশ ইউএনওর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে লাখ টাকা ঘুষ দিতে রাজি না হওয়ায় শিক্ষকের কাছে থেকে জোরপূর্বক পদত্যাগপত্র আদায় করে নেওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা।
এ নিয়ে গতকাল ‘ঘুষ না দেওয়ায় জোর করে পদত্যাগপত্র আদায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাঁর কাছে এ-সংক্রান্ত প্রতিবেদন দেবেন। গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে এ কথা বলেছেন ইউএনও। তিনি বলেন, ‘মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দৈনন্দিন কাজের ফাঁকে তাঁর সুবিধামতো সময়ে তিনি তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
তদন্তের বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের বলেন, তিনি ইতিমধ্যে প্রধান শিক্ষককে ফোন করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
এদিকে রোববার সারা দিন বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে থাকার পরও অফিসকক্ষে ঢুকতে না দেওয়ায় ইউএনওর পরামর্শে গতকাল সোমবার আর বিদ্যালয়ে যাননি ভুক্তভোগী শিক্ষক আইননু নাহার। তিনি প্রথম আলোকে বলেন, ইউএনও তাঁকে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।