ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় এবার তদন্ত শুরু করেছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির একটি দল বর্ধমানের মঙ্গলকোর্টের শিমুলিয়া মাদ্রাসায় তদন্তের কাজ শুরু করে।
এ নিয়ে মোট ছয়টি সংস্থা এ তদন্তের সঙ্গে যুক্ত হলো। এগুলো হলো সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি), ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি), মিলিটারি ইন্টেলিজেন্স (এমআই) এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)।
এদিকে বর্ধমান বিস্ফোরণের ঘটনায় অন্যতম সন্দেহভাজন হাবিবুর শেখকে গ্রেপ্তার করেছে এনআইএর গোয়েন্দারা। গত বুধবার বোলপুরের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি শিমুলিয়ার মাদ্রাসাটির পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন এবং সেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দিতেন বলে ধারণা করছেন গোয়েন্দারা। বিস্ফোরণের ঘটনার পর আরেক সন্দেহভাজন কাওসারের সঙ্গে তিনি ওই মাদ্রাসা ছেড়ে পালিয়ে যান।
গতকাল বেলা ১১টার দিকে এনএসজির আট সদস্যের একটি কমান্ডো দল বর্ধমানের মঙ্গলকোর্টের শিমুলিয়া মাদ্রাসায় তদন্ত শুরু করে। তারা মাদ্রাসার ভেতর, সামনের ধানখেত, মাদ্রাসার খড়ের চালা ও বিভিন্ন কক্ষ তল্লাশি করে কিছু রাসায়নিক, পাউডার এবং কয়েকটি টেপ রেকর্ডার উদ্ধার করে।
এ ছাড়া এনআইএর সঙ্গে এনএসজির একটি দল শিমুলিয়ার কাছে কৃষ্ণবাটি গ্রামের মাদ্রাসার প্রধান মহম্মদ ইউসুফের বাড়িতেও যায়।