ছাত্রশিবিরের ‘ভয়ে’ বন্ধ চট্টগ্রামের তিন কলেজের ছয় ছাত্রাবাস
তদারকি ও নিরাপত্তার মাধ্যমে খুলে দেওয়ার দাবি অভিভাবকদের
চট্টগ্রামের তিন সরকারি কলেজের বন্ধ থাকা ছয় ছাত্রাবাস ও এক ছাত্রীনিবাস খুলে দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকেরা। একই সঙ্গে ছাত্রাবাসগুলোতে কলেজ কর্তৃপক্ষের যথাযথ তদারকি ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
চট্টগ্রাম কলেজের এক ছাত্রীর অভিভাবক মামুনুর রশীদ ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার দাবি জানিয়ে প্রথম আলোকে বলেন, কোনো ছাত্রসংগঠন দখল করে নেবে, এই আশঙ্কায় ছাত্রাবাসগুলো বন্ধ রাখার কোনো মানে হয় না। এগুলো তো শিক্ষার্থীদের থাকার জন্যই নির্মাণ করা হয়েছে। সেখানে বহিরাগত ও অবৈধ লোকজন কেন থাকবে? নিশ্চয়ই কলেজ কর্তৃপক্ষের গাফিলতি ছিল। ছাত্রাবাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা যাতে থাকতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের।
তবে সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বলেন, ছাত্রাবাসগুলো নিয়ে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হোক, তা কেউ চান না। ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি।
ছাত্রশিবিরের নেতা-কর্মীরা দখল করে নিতে পারেন, এই আশঙ্কায় চট্টগ্রাম নগরের তিনটি সরকারি কলেজের ছয়টি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর মধ্যে সরকারি কমার্স কলেজের ছাত্রাবাসটি ২৭ বছর ধরে বন্ধ। আর গত বছরের ডিসেম্বরে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম কলেজের তিনটি ছাত্রাবাস, একটি ছাত্রীনিবাস ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের দুটি ছাত্রাবাস। এসব ছাত্রাবাস শিগগির খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানায় কলেজগুলোর কর্তৃপক্ষ। তিন কলেজে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৩৬ হাজার। এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোয় ‘আবাসনসংকটে সাড়ে ৩৬ হাজার শিক্ষার্থী’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
হাজী মুহাম্মদ মহসিন কলেজে অধ্যয়নরত তিন শিক্ষার্থীর অভিভাবক মেহেরুন্নেসা খানম, ধোনি রাম দে ও অনন্ত মোহন বাগচী এবং সরকারি কমার্স কলেজের এক ছাত্রের অভিভাবক নূর নবী বলেন, কলেজগুলোতে আবাসনসুবিধা না পাওয়ায় তাঁদের সন্তানেরা শহরের বিভিন্ন মেসে থাকছেন। এ জন্য তাঁদের বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে।
চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা মাহমুদুল করিম ও সুভাষ মল্লিক, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রলীগের নেতা মাইমুন উদ্দিন বলেন, শিক্ষার্থী ও অভিভাবকেরা চাইলে কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাসগুলো খুলে দিতে পারে। এ জন্য মেধার ভিত্তিতে আসন বণ্টন করতে হবে। অতীতের মতো ছাত্রশিবির ছাত্রাবাসগুলো দখল করে যাতে নাশকতা চালাতে না পারে, সে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক বিপ্লব গাঙ্গুলি প্রথম আলোকে বলেন, কলেজের ছাত্রীনিবাসটি চালু করার জন্য অভিভাবকেরা অনুরোধ জানিয়েছেন। তাঁর মতে, ছাত্রাবাসগুলো খুলে দেওয়া হলে ছাত্রসংগঠনগুলোর সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে কলেজের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। কলেজ কর্তৃপক্ষের পক্ষে বিষয়টি তদারকি করা অনেক কঠিন।
চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রদীপ চক্রবর্তী বলেন, কলেজের একাডেমিক পরিবেশটা আরেকটু উন্নত হলেই ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হবে।