তনু হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের ডিএনএ পরীক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ পরীক্ষা করার দাবি জানিয়েছেন কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় এক মানববন্ধনে এ দাবি করেন তাঁরা।

মানববন্ধনে অংশ নেন তনুর ছোট ভাই আনোয়ার হোসেন রুবেল, কবি ও সংগঠক ফখরুল হুদা হেলাল, গণজাগরণ মঞ্চ কুমিল্লার মুখপাত্র খায়রুল আনাম রায়হান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিমুল সবুজ, কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজিমুল সজল, শরীফুল ইসলাম, রূপকথাসহ শতাধিক শিক্ষার্থী।

মানববন্ধনে খায়রুল আনাম রায়হান বলেন, ‘অবিলম্বে সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ টেস্ট করতে হবে। তাদের আইনের আওতায় আনতে হবে। একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের দু-একজন দুষ্কৃতকারীর কারণে পুরো প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হোক তা আমরা চাই না।’

তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল বলেন, ‘আমার মা–বাবাকে বলা হচ্ছে, মিডিয়ার সঙ্গে কথা না বলতে। সন্তানহারা মা–বাবা আর কত বুক চেপে থাকবেন? আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

গণজাগরণ মঞ্চ কুমিল্লার সংগঠক আবুল কাশেম বলেন, ‘তনুর কাপড়ে যে তিন ব্যক্তির ডিএনএর পূর্ণাঙ্গ প্রোফাইল পাওয়া গেছে, তাদের শনাক্ত করতে সেনাবাহিনী সহযোগিতা করুক, এটা দেশের মানুষ চায়। মানুষ তো সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, দেশের মানুষ তিন-চারজন ধর্ষক ও খুনির বিরুদ্ধে।’

গত ২০ মার্চ রাতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ ময়নামতি সেনানিবাসের ভেতরে পাওয়া যায়। এ ঘটনায় তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন থানায় মামলা করেন। এখনো হত্যাকারীদের শনাক্ত করা যায়নি।