তনু হত্যার বিচার চেয়ে কক্সবাজারে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে গতকাল সোমবার সকালে কক্সবাজার শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ছাত্র ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ মিছিলে অংশ নেয় শহরের কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, কক্সবাজার কেজি স্কুলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ ছাড়া দুপুরে কক্সবাজার পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয় ছাত্র ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি অনুপম চক্রবর্তী, সহসাধারণ সম্পাদক পাভেল দাশ, শিক্ষার্থী যুবরাজ চৌধুরী, জান্নাতুল মাওয়া, তাসকিয়া শাম্মী, শ্রীপর্ণা বড়ুয়া প্রমুখ।