তনুর ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত পেয়েছে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত পেয়েছে সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার (কুমিল্লা ও নোয়াখালী বিভাগ) মো. নাজমুল করিম খান আজ সোমবার রাতে প্রথম আলোকে এ কথা বলেন। 

প্রথম ময়নাতদন্তে চিকিৎসকেরা তনুকে ধর্ষণের কোনো আলামত পাননি। এ ছাড়া কোনো রাসায়নিক ক্রিয়ায় তনুর মৃত্যু হয়নি। ডিএনএ পরীক্ষা করে সিআইডি বলছে খুন হওয়ার আগে ধর্ষণের শিকার হয়েছিলেন তনু। দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন শিগগিরই দেওয়া হবে বলে জানা গেছে।

মো. নাজমুল করিম খান প্রথম আলোকে বলেন, ‘সোহাগী জাহান তনুর ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তনুর কাপড়-চোপড় পরীক্ষা করে এ ফল পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষায় কয়েকজন পুরুষের বীর্যের উপস্থিতি পাওয়া গেছে।’

গত ২০ মার্চ রাতে সোহাগী জাহান তনুর লাশ ময়নামতি সেনানিবাস এলাকার একটি ঝোপে পাওয়া যায়। খুন করার আগে হত্যাকারীরা সোহাগীর মাথার হিজাব টেনে খুলে ফেলে, মাথার লম্বা চুল কাঁচি দিয়ে কেটে ফেলে। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন পরের দিন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। প্রথমে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম এর তদন্ত করেন। পরে তদন্তভার দেওয়া হয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলমকে। ১ এপ্রিল তদন্ত দেওয়া হয় সিআইডির পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীমকে। এ ছাড়া তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয় ২১ মার্চ। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনায় দ্বিতীয় ময়নাতদন্ত হয় ৩০ মার্চ। এরপর ৪ এপ্রিল প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হয়। এতে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কে কোনো মন্তব্য না করায় এ নিয়ে নানা মহল থেকে প্রশ্ন ওঠে। এখন পর্যন্ত দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হয়নি। গত শনিবার সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান কামদা প্রসাদ সাহা প্রথম আলোকে বলেন, কুমিল্লায় সোহাগী জাহান তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।

আরও পড়ুন...