তবু প্রকাশ্যে ধূমপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর টাউন হল চত্বর ঘিরে প্রায়দিনই নানামুখী অনুষ্ঠান হয়। সেখানে নানা বয়সের শ্রেণি-পেশার মানুষের জনসমাগমও হয়। সেই সঙ্গে এখানে মানুষের ধূমপানও চলে হরহামেশা। পাশ দিয়ে কেউ হেঁটে গেলে তাঁদেরও চোখে-মুখে ধোঁয়া যায়। প্রতিবাদ করলে তাঁরাই (ধূমপায়ী) তেড়ে আসেন।
টাউন হল চত্বরে তো বটেই, গোটা নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পরও জনসমাগমস্থলে প্রকাশ্যে ধূমপান কমছে না। গত ১১ মাসে ভ্রাম্যমাণ আদালত ২০৩ বার ধূমপানবিরোধী অভিযান চালিয়েছেন। তবু পরিস্থিতির উন্নতি হয়নি। জনসচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রচার-প্রচারণার কথা জানিয়েছেন সুধীজনেরা।
সরেজমিনে দেখা যায়, শুধু টাউন হল চত্বরই নয়, এমন চিত্র নগরের বিভিন্ন জনসমাগম এলাকায়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধূমপানবিরোধী অভিযানের অংশ হিসেবে চলতি বছরের জানুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত শহরে ২০৩ বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ২৪০টি মামলা করা হয়। বিভিন্নজনের কাছ থেকে ৫৮ হাজার ১৮০ টাকা জরিমানাও আদায় করা হয়েছে। ৪৫টি ব্যানার ও সাইনবোর্ড ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে দুজনকে সাত দিনের কারাদণ্ডও দেওয়া হয়েছে। এর পরও নগরের গুরুত্বপূর্ণ জনসমাগম এলাকা কাচারি বাজার, পাবলিক লাইব্রেরি মাঠ, জাহাজ কোম্পানি মোড়, মোতাহার কমপ্লেক্সের নিচে, জাহাজ কোম্পানি বিপণিবিতানের সামনে, প্রেসক্লাবের সামনে, বাস টার্মিনাল, পায়রা চত্বর, মেডিকেল মোড়, বেসরকারি মেডিকেল ডেন্টাল কলেজ, কমিউনিটি মেডিকেল, নর্দান মেডিকেল, প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, সিটি বাজার, জেলা পরিষদ সুপার বিপণিবিতানের সামনে, বেতপট্টি, শাপলা চত্বর, লালবাগ এলাকা, সাতমাথা, মাহিগঞ্জ বাজার, রেলওয়ে স্টেশন এলাকাসহ আরও কিছু গুরুত্বপূর্ণ এলাকায় লোকজন দিনে ও রাতে প্রকাশ্যে ধূমপান করছেন।
এদিকে গত ২১ জানুয়ারি সিটি করপোরেশনের সভাকক্ষে জনসমাগম ও গণপরিবহনে ধূমপানমুক্ত ঘোষণা করতে একটি বৈঠক হয়। রংপুর সিটি করপোরেশন ও বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) যৌথ উদ্যোগে ওই সভা হয়। সভায় তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশনের ফোকাল পারসন সুশান্ত ভৌমিক উপস্থিত ছিলেন। তিনি প্রথম আলোকে জানান, এ ব্যাপারে জনসচেতনতামূলক কর্মকাণ্ড একাধিকবার পরিচালনা করা হয়েছে। লোকবলের অভাবে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা সম্ভব হয়ে উঠছে না।
জেলা সিভিল সার্জন মোজাম্মেল হক জানান, এ ব্যাপারে সরকারি-বেসরকারিভাবে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। কিন্তু বাস্তবে তা আর করা হয়নি।
মহানগর দোকান মালিক সমিতির সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মো. জুননুন জানান, গুরুত্বপূর্ণ স্থানে ধূমপান কমছে না। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও তাঁরা চলে যাওয়ার পর আবার আগের অবস্থায় ফিরে আসে। এ ব্যাপারে কাউকে (ধূমপায়ী) কিছু বললে বরং তাঁরাই তেড়ে আসেন।
সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ জানান, স্বাস্থ্যসম্মত নগর গড়ে তুলতে জনসমাগম এলাকা ধূমপানমুক্ত করতে সচেতনতামূলক কাজ শুরু করা হয়েছে। এ ব্যাপারে নাগরিক সমাজের সহযোগিতা খুবই প্রয়োজন।
জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জানান, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। এ বছর বিভিন্ন জনসমাগম স্থানে অভিযান চালিয়ে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে কয়েকজনকে কারাদণ্ডসহ মামলা, জরিমানাও করা হয়েছে।