তবু বাল্যবিবাহ থেকে রক্ষা পেল না ছাত্রীটি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপের পরও বাল্যবিবাহ থেকে রক্ষা পায়নি ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১২)। গত শুক্রবার রাত ১০টার দিকে গোপনে ওই ছাত্রীর বিয়ে হয়।
ওই গ্রামের দুজন বাসিন্দা জানান, শুক্রবার রাত আটটার দিকে ওই ছাত্রীর সঙ্গে উপজেলার উত্তর উপাধি গ্রামের নূরুল ইসলামের ছেলে ইকবাল হোসেনের বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও বিয়ে বন্ধের জন্য উপাধি উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহীদউল্লাহকে মুঠোফোনে নির্দেশ দেন। পরে শহীদউল্লাহ ইউপি সদস্য খলিলুর রহমানকে নিয়ে ছাত্রীর বাড়িতে যান ও মেয়ের বাবা-মাকে বিয়ে বন্ধের অনুরোধ জানান। এ সময় ওই ছাত্রীর বাবা বরপক্ষকে মুঠোফোনে বিয়ে বন্ধের সিদ্ধান্তের কথা জানান। চেয়ারম্যান ছাত্রীর বাড়ি থেকে চলে আসার পর বর-কনেপক্ষের মধ্যে পুনরায় গোপনে যোগাযোগ হয়। রাত ১০টায় ওই ছাত্রীর বাড়িতে বরপক্ষ এলে দ্রুত ছাত্রীর বিয়ে সম্পন্ন হয়।
মো. শহীদউল্লাহ বলেন, ইউএনওর নির্দেশে তাঁরা ঘটনাস্থলে যান ও ওই মেয়ের বিয়ে বন্ধ করে চলে আসেন। পরে গোপনে ওই মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত হয়েছেন। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।
ওই ছাত্রীর বাবা ও বরের বাবার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তাঁরা বিয়ের বিষয়টি স্বীকার করেন।
জানতে চাইলে ইউএনও ফারহানা ইসলাম বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।