তবু শাস্তি হয় না মুছার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের নিকাহ নিবন্ধক (কাজি) আবু মুছা গত এক বছরে অন্তত ৭০টি বাল্যবিবাহ নিবন্ধন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর নিকাহ নিবন্ধন বাতিলের জন্য ইউএনও জেলা নিবন্ধন কর্মকর্তাকে এক বছর আগে চিঠি দিলেও কাজ হয়নি।
এদিকে ২১ নভেম্বর ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ে নিবন্ধন করায় তাঁকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছেন ইউএনও। আবু মুছা জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক।
স্থানীয় লোকজন জানান, আবু মুছা গত চার মাসে ২০ জনের বাল্যবিবাহের নিবন্ধন করেছেন। গত এক বছরে এই সংখ্যা ৭০-এর বেশি। গত শুক্রবার আমরুলবাড়ি আসমতপাড়া গ্রামের ১২ বছর বয়সের এক মেয়ের বিয়ের নিবন্ধন করেন। মেয়েটি আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছেন মাদ্রাসার সুপার আবদুল আহাদ।
গত ২১ আগস্ট থেকে ২১ নভেম্বর পর্যন্ত শুধু আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসার ১০ শিক্ষার্থীর বিয়ের নিবন্ধন করেছেন আবু মুছা। এ ছাড়া ওই সময়ে দামোদরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার আরও ১০টি বিয়ের নিবন্ধন করেছেন। গত বছরের ২৮ জুলাই প্রথম আলোয় ‘বাল্যবিবাহের কাজি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ ওই কাজির বাল্যবিবাহ নিবন্ধনের বিষয়ে তদন্ত করে সত্যতা পান। পরে তাঁর নিকাহ নিবন্ধন বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রংপুরের জেলা নিবন্ধকের কাছে ৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দেন। তবে এতেও কোনো কাজ হয়নি। গত ৮ জুন ‘নয় মাসেও সেই কাজির নিবন্ধন বাতিল করা হয়নি’ শিরোনামে প্রথম আলোয় আরেকটি প্রতিবেদন ছাপা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিকাহ নিবন্ধক অভিযোগ করেন, ‘আমরা বাল্যবিবাহের নিবন্ধন না করে ফেরত পাঠালে আবু মুছা বেশি টাকা নিয়ে সেটি নিবন্ধন করেন। গত এক বছরে তিনি অন্তত ৭০টি বাল্যবিবাহ নিবন্ধন করেছেন। তিনি একের পর এক বাল্যবিবাহের নিবন্ধন করে চলছেন। এতে আমাদেরও ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। আর কত বাল্যবিবাহের নিবন্ধন করলে তিনি শাস্তি পাবেন, তা-ই বুঝতে পারছি না।’ নিকাহ নিবন্ধক আবু মুছা বলেন, ‘আমি কোনো বাল্যবিবাহের নিবন্ধন করিনি।’ ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘গত বছর তাঁর নিকাহ নিবন্ধন বাতিলের জন্য তদন্ত প্রতিবেদনসহ জেলা রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়েছিলাম। কিন্তু এ ব্যাপারে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের নিবন্ধনের অভিযোগ ওঠায় তাঁকে আগামী ১ ডিসেম্বর হাজির হতে নোটিশ করেছি।’
রংপুরের জেলা রেজিস্ট্রার এমদাদুল হক বলেন, ‘বদরগঞ্জের ইউএনওর দপ্তর থেকে চিঠি পাওয়ার পর ওই কাজির নিবন্ধন বাতিলের সুপারিশ করে আইন মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে।’