তবু সাভারে যাওয়ার তাড়া নেই ট্যানারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ বছর ধরে ট্যানারিতে কাজ করছেন দেলোয়ার হোসেন। এই সময়ে রাসায়নিকের তীব্র গন্ধে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে ৪-৫ জন সহকর্মীকে কর্মক্ষমতা হারাতে দেখেছেন তিনি
৩০ বছর ধরে ট্যানারিতে কাজ করছেন দেলোয়ার হোসেন। এই সময়ে রাসায়নিকের তীব্র গন্ধে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে ৪-৫ জন সহকর্মীকে কর্মক্ষমতা হারাতে দেখেছেন তিনি

জরিমানা গুনতে হচ্ছে দিনে ১০ হাজার টাকা। কোরবানির ঈদের কাঁচা চামড়া হাজারীবাগে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে সরকার। তবু সাভারে ট্যানারি সরিয়ে নেওয়ার বিশেষ কোনো তাড়া নেই হাজারীবাগের ট্যানারিগুলোতে।

বিষাক্ত আর দুর্গন্ধযুক্ত পরিবেশের মধ্যেও ন্যূনতম স্বাস্থ্যসতর্কতার বালাই নেই। কারও মুখে মাস্ক নেই। হাতে নেই গ্লাভস। এমনকি অনেকে খালি পায়েও কাজ করছেন
বিষাক্ত আর দুর্গন্ধযুক্ত পরিবেশের মধ্যেও ন্যূনতম স্বাস্থ্যসতর্কতার বালাই নেই। কারও মুখে মাস্ক নেই। হাতে নেই গ্লাভস। এমনকি অনেকে খালি পায়েও কাজ করছেন


ওই এলাকা ঘুরে দেখা গেছে, সেখানকার বেশির ভাগ ট্যানারিতে আগের মতোই কাঁচা চামড়া মজুত এবং প্রক্রিয়াজাত করা হচ্ছে। সাভারে যাওয়ার জন্য যন্ত্রপাতি খোলা বা জিনিসপত্র গোছানোর কোনো প্রস্তুতি নেই বেশির ভাগ কারখানায়।

শাহজালাল লেদার কমপ্লেক্সে গতকাল সোমবার দুজন শ্রমিক লবণ দেওয়া কাঁচা চামড়া প্রক্রিয়া করার জন্য বাছাই করছিলেন। পাশেই চলছিল ড্রামে চামড়া প্রক্রিয়াকরণ। আরেক পাশে ওয়েট ব্লু (প্রক্রিয়াকরণের প্রথম ধাপ) চামড়া স্তূপ করে রাখা। একই চিত্র মুক্তা ট্যানারি, মিরাজ ট্যানারি, সামিনা ট্যানারিসহ আরও অনেক ট্যানারিতে। শ্রমিকেরা বলেন, প্রায় সব ট্যানারিতেই উৎপাদন চলছে।
অথচ এপ্রিলের মধ্যে ট্যানারিগুলো হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্পনগরে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ করার সময় বেঁধে দিয়েছিল সরকার। কথা ছিল, ট্যানারির মালিকেরা সাভারে ট্যানারি নিয়ে কোরবানির চামড়া সেখানে প্রক্রিয়াজাত করবেন। চামড়া শিল্পনগরের প্রকল্প কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, সাভারে চামড়া প্রক্রিয়াকরণের জন্য সাভারে ট্যানারির ভবন তৈরি করে ড্রাম বসিয়েছে মাত্র ৩০টি ট্যানারি। বাকি ১২৪টি ট্যানারি কবে প্রস্তুত হবে তা অনিশ্চিত। জানতে চাইলে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘কোরবানির চামড়া সাভারে প্রক্রিয়াজাত করতে হবে, বৈঠক করে এটা আমরা ট্যানারির মালিকদের জানিয়ে দিয়েছি। তাঁরাও আমাদের কথা দিয়েছেন।’ স্বাধীনতার আগে হাজারীবাগে শুরু হওয়া চামড়া প্রক্রিয়াকরণ শিল্প এখন দেশের শতকোটি ডলার রপ্তানি আয়ের খাত। কিন্তু অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এ শিল্প থেকে প্রতিদিন উৎপাদিত ২২ হাজার ঘনমিটার বর্জ্যকে বুড়িগঙ্গা নদীর দূষণের প্রধান কারণ বলে মনে করে পরিবেশবাদী সংগঠনগুলো। তাদের মতে, শুধু নদী নয়, পুরো হাজারীবাগের পরিবেশকে বিপন্ন করে তুলেছে এ শিল্প।

দুই পাশে ট্যানারির বর্জ্যের স্তূপ। মাঝখানে পায়ে চলার পথ। তীব্র দুর্গন্ধের মধ্য দিয়ে নিত্যদিন বিদ্যালয়ে যেতে হয় শিশুদের
দুই পাশে ট্যানারির বর্জ্যের স্তূপ। মাঝখানে পায়ে চলার পথ। তীব্র দুর্গন্ধের মধ্য দিয়ে নিত্যদিন বিদ্যালয়ে যেতে হয় শিশুদের

যুক্তরাষ্ট্রকেন্দ্রিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা পিউর আর্থ (আগের নাম ব্ল্যাকস্মিথ ইনস্টিটিউট) ২০১৩ সালে বিশ্বের ১০টি এলাকাকে সর্বোচ্চ দূষিত এলাকা হিসেবে চিহ্নিত করে। সে তালিকার একটি ছিল হাজারীবাগ।

ট্যানারিগুলো হাজারীবাগ থেকে সাভারে সরিয়ে নিতে ২০০৩ সালে একটি প্রকল্প নেয় সরকার। ১৯৯ দশমিক ৪০ একর জমির ওপর গড়ে তোলা হয় চামড়া শিল্পনগর। প্রকল্পের মেয়াদ ছিল ২০০৫ সাল পর্যন্ত। তবে দফায় দফায় মেয়াদ আর খরচ বাড়িয়ে ১৩ বছর ধরে চলছে প্রকল্পটি।

শিল্পনগরে যাওয়ার জন্য ট্যানারির মালিকদের ২৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। ৬৩৮ কোটি টাকা ব্যয়ে তাঁদের জন্য কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণ করে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এত দীর্ঘ সময়ে ট্যানারি সরাতে না পারার কারণ, সরকার নির্ধারিত সময়ে সিইটিপি নির্মাণ করতে পারেনি। মালিকেরাও সাভারে কারখানার অবকাঠামো নির্মাণকাজ শুরু করেননি।

ট্যানারি সরাতে বিলম্বের জন্য গত ১৬ জুন মালিকদের দিনে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে ট্যানারির মালিকদের দুই সমিতি। গত ১৮ জুলাই সুপ্রিম কোর্ট জরিমানা কমিয়ে দিনে ১০ হাজার টাকা করেন।

গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ দিবসের এক অনুষ্ঠানে বলেন, ট্যানারির মালিকেরা অযথা কালক্ষেপণ করছেন।

মো. আশিক ট্যানারিতে কাজ করেন ৬-৭ বছর ধরে। বিষাক্ত রাসায়নিকে তাঁর হাতে তিন বছর আগে ঘা হয়েছে। সেই ঘা নিয়েই কাজ করছেন তিনি। ছবিগুলো তুলেছেন সাজিদ হোসেন
মো. আশিক ট্যানারিতে কাজ করেন ৬-৭ বছর ধরে। বিষাক্ত রাসায়নিকে তাঁর হাতে তিন বছর আগে ঘা হয়েছে। সেই ঘা নিয়েই কাজ করছেন তিনি। ছবিগুলো তুলেছেন সাজিদ হোসেন