তরিকুলসহ বিএনপির পাঁচ নেতার বাড়িতে হামলা

জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ যশোরে বিএনপির পাঁচ নেতার বাড়িতে একযোগে বোমা হামলা চালানো হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত দুর্বৃত্তরা এ হামলা চালায়। এতে কেউ হতাহত না হলেও মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
গতকাল এক বিবৃতিতে এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তিনি বলেন, গণমানুষের ন্যায্য আন্দোলনকে প্রতিহিংসার স্টিমরোলার চালিয়ে স্তব্ধ করা যাবে না।
গত ২৮ জানুয়ারি রাতে তরিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হকসহ কয়েকজন নেতার বাড়িতে একইভাবে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
যশোর শহর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, রাতে তাঁর নিজের বাড়ি, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের বাড়িতে ৩০টিরও বেশি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাত একটার দিকে কয়েকজন সন্ত্রাসী শহরের ঘোপ এলাকার তরিকুল ইসলামের বাড়িতে গিয়ে পাঁচটি বোমা ছোড়ে। বোমার আঘাতে বাড়ির দোতলার জানালার কাচ ভেঙে যায়।
মুনির আহমেদ বলেন, গ্রেপ্তার আতঙ্কে আমরা কেউ রাতে বাড়িতে থাকতে পারছি না। এর মধ্যে সিরিজ বোমা হামলা চালানো হচ্ছে। যে কারণে আমরা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছি।’
এদিকে তরিকুল ইসলামের মালিকানাধীন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির গতকাল শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক তরিকুল ইসলামসহ সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান।
গতকাল শুক্রবার সন্ধ্যায় যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলীর দাপ্তরিক মুঠোফোনে যোগাযোগ করা হলে পরিদর্শক (তদন্ত) শেখ গণি মিয়া ফোন ধরে বলেন, ‘পুলিশ পাঠানো হয়েছে। এখনো খবর জানা যায়নি। ওসি সাহেব হয়তো বলতে পারবেন। সন্ধ্যার পরে যোগাযোগ করেন।’
অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ‘এ বিষয়ে সুনির্দিষ্ট কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি আমার জানা নেই।’