তরুণ ও নারীকে হত্যা
গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব চান্দনা এলাকায় গতকাল শনিবার ভোরে ছুরিকাঘাতে সুজন ভান্ডারী নামের এক বাসচালক খুন হয়েছেন। এর আগে গত শুক্রবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সুজন ভান্ডারী (২২) গাজীপুরের চান্দনা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।
থানার পুলিশ ও পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুর পরিবহনের বাস চালাতেন সুজন। গতকাল ভোরে বাস চালাতে শিমুলতলী এলাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। পূর্ব চান্দনা বিহারীবাড়ি এলাকায় পৌঁছালে এক যুবক সুজনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুজনের বাবা মো. আলমগীর বলেন, পূর্বশত্রুতার জের ধরে জয় নামের এক যুবক তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে সাটুরিয়ায় নিহত নারীর নাম রহিমা বেগম (৫৫)। তিনি উপজেলার বরাইদ গ্রামের মৃত তাহের আলীর স্ত্রী।
থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রহিমা গ্রামের বাড়িতে একাই থাকতেন। তাঁর এক ছেলে ও তিন মেয়ে। মেয়েদের বিয়ে হওয়ায় তাঁরা স্বামীর বাড়িতে থাকেন। একমাত্র ছেলে মিজানুর রহমান ঢাকায় চাকরি করেন। শুক্রবার রাত নয়টার পর দুর্বৃত্তরা রহিমাকে শ্বাসরোধে হত্যা করে। রাত একটার দিকে ঘরের মেঝেতে গলায় কাপড় পেঁচানো অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে রাত দুইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
সাটুরিয়া থানার ওসি আমিনুর রহমান বলেন, এ ঘটনায় নিহত রহিমার ছেলে মিজানুর রহমান মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য রহিমার বোনের ছেলে বাদল হোসেনকে (২৬) আটক করা হয়েছে।