তরুণ ও বৃদ্ধের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় এলাকায় গতকাল শনিবার আবদুল্লাহ আল মামুন (৩০) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৯৫) লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরফুদ্দিন বলেন, বিকেল চারটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে সদর উপজেলার ভূঁইগড় এলাকায় আবদুল্লাহ আল মামুনের লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেন। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আবদুল্লাহ আল মামুন ভূঁইগড় কাজীপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। ধারণা করা হচ্ছে, মারধরের কারণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুরের জয়দেবপুর থানার এসআই সুজায়েত হোসেন বলেন, দুপুরে চান্দনা চৌরাস্তার ঈদগাহ মাঠের পশ্চিম প্রান্তে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জয়দেবপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।