তরুণ খুন, গৃহবধূর লাশ উদ্ধার
রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূ এবং তারাগঞ্জে এক তরুণকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই দুই থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বদরগঞ্জের রাধানগর শাস্ত্রীপাড়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে মঞ্জুয়ারা খাতুনের (২১) সঙ্গে ছয় বছর আগে একই উপজেলার দামোদরপুর বারবিঘা গ্রামের শহিদুল হকের ছেলে দিনমজুর ওসমান গনির (২৫) বিয়ে হয়। ওসমান জুয়া ও মাদকাসক্ত থাকায় প্রায়ই টাকার জন্য স্ত্রীকে মারধর করতেন।
আমজাদ হোসেন অভিযোগ করেন, ওসমান ঈদের দিন গত শুক্রবার ভোরে তাঁর (আমজাদ হোসেনের) ছেলেকে ফোন করে বলেন, মঞ্জুয়ারা আত্মহত্যা করেছে। কিন্তু ওসমান তাঁর মেয়েকে হত্যা করেছে বলে অভিযোগ করেন আমজাদ।
তবে ওসমানের দাবি, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন।
বদরগঞ্জ থানার এসআই তৈয়ব আলী সরকার লাশের সুরতহাল প্রতিবেদনে জানান, গলার সামনে কালোশিরা দাগ আছে। শ্বাসরোধে মঞ্জুয়ারাকে হত্যা করা হতে পারে।
ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় আমজাদ হোসেন ওই গৃহবধূর স্বামী ওসমান, শ্বশুর শহিদুল হক, শাশুড়ি অছে বেগমসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। অছে বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে পাওনা টাকা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজনের প্রহারে গুরুতর আহত হয়ে রফিকুল ইসলাম (২২) নামের এক তরুণ রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ঈদের দিন গত শুক্রবার দুপুরে মারা যান তিনি।
পুলিশ জানায়, গ্রামের আফলা বেগমের কাছ থেকে মোশারফ হোসেন নামের এক ব্যক্তি তিন হাজার টাকা ধার নেন। এ টাকা নিয়ে গত বৃহস্পতিবার আফলার সঙ্গে মোশারফের ঝগড়া লাগে। এ সময় মোশারফের সঙ্গে ছিলেন তাঁর ভাতিজা রফিকুল। আফলার লোকজন পিটিয়ে রফিকুলকে আহত করে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরদিন তিনি মারা যান।