তরুণ নিখোঁজ সাত দিন, অপহরণ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলার মানিকনগর শিমুলতলা গ্রামের রুবেল সরদার (২৫) নামের এক তরুণ সাত দিন ধরে নিখোঁজ। তিনি মৃত মালেক সরদারের ছেলে। এ ঘটনায় রুবেলের বড় বোন তাছলিমা আক্তার গত বৃহস্পতিবার বাদী হয়ে অপহরণের মামলা করেছেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রুবেল সরদার নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। গত রোববার সন্ধ্যায় একই গ্রামের মনির পাঠান মুঠোফোনে কল করে তাঁকে ডেকে নিয়ে যান। এরপর আর রুবেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সোমবার পরিবারের পক্ষ থেকে জাজিরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরও পুলিশ রুবেলকে উদ্ধার করতে না পারায় বৃহস্পতিবার তাছলিমা আক্তার জাজিরা থানায় একটি অপহরণ মামলা করেন। এতে মনির পাঠান, তাঁর বাবা মোহাম্মদ আলী পাঠানসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
তাছলিমা আক্তার বলেন, ‘পাঠান পরিবারের সাথে সম্পত্তি নিয়ে আমাদের দীর্ঘ দিন থেকে বিরোধ চলছে। ২০ বছর আগে তারা আমার আরেক ভাইকে হত্যা করে। আমার ছোট ভাই রুবেলকেও হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। পুলিশের কাছে অনুরোধ, দ্রুত যেন আমার ভাইকে উদ্ধার করা হয়।’
রুবেলের স্ত্রী রোকসানা আক্তার বলেন, ‘রোববার সন্ধ্যায় কাজ থেকে ফিরে আমার স্বামী খেতে বসেছিল। এমন সময় মনির পাঠানের ফোন আসে। ফোন পেয়ে সে বের হয়ে যায়। আমি তার পেছনে কিছু দূরে যাই। মনিরের সঙ্গে একটি ভ্যানে উঠে যেতে দেখে আমি বাড়িতে ফিরে আসি। সে বাড়িতে না ফেরায় তার ফোনে কল করি। কিন্তু ফোন বন্ধ পাই। তাকে অপহরণ করে গুম করা হয়েছে। তাকে ফিরে না পেলে দুই শিশুসন্তান নিয়ে কোথায় দাঁড়াব?’
রুবেল নিখোঁজ হওয়ার ঘটনার পর থেকে মনির পাঠান ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। এ কারণে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘রুবেল নামের এক তরুণ নিখোঁজের ঘটনায় জিডি হয়েছিল। এখন অপহরণ মামলা হয়েছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’