তরুণ লীগ নেতা জখমের ঘটনায় মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষানটেকের দামালকোট বস্তির সামনে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো মামলা হয়নি। আবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গত সোমবার বিকেলে দামালকোট বস্তির সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন আবুল হোসেন। তাঁর পিঠে, বুকে ও পেটে ধারালো অস্ত্রের জখম ছিল।
স্থানীয় উজ্জ্বল মিয়া বলেন, আবুল হোসেন ঢাকা মহানগর উত্তর তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর অভিযোগ, সোমবার বিকেলে বস্তি থেকে সৌখিন রোডের দিকে হেঁটে যাওয়ার সময় স্থানীয় শওকত নামে এক ব্যক্তিসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে আবুল হোসেনকে কোপান। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার রাতেই তাঁর অস্ত্রোপচার হয়। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আবুল হোসেনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
স্থানীয় লোকজন জানিয়েছেন, স্ত্রী-সন্তানসহ বস্তিতেই থাকেন আবুল হোসেন। বস্তির পাশে তাঁর একটি ছোট রেস্তোরাঁ আছে। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। রাজনৈতিক বিরোধের জের ধরে আবুল হোসেনের ওপর হামলা হয়েছে।
ভাষানটেক থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, মামলা হয়নি, তবে পুলিশের তদন্ত চলছে।