তরুণকে অপহরণের ঘটনায় চারজন গ্রেপ্তার
দিনাজপুর সদরের এক তরুণকে গত শনিবার দিবাগত রাতে অপহরণ করে বিরামপুর উপজেলায় নিয়ে আসে একদল দুর্বৃত্ত। এ সময় এলাকাবাসী চারজনকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। আটক চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, মাদকের পাওনা টাকা আদায় নিয়ে এ ঘটনা ঘটেছে।
ঘটনার শিকার তরুণের নাম মো. শাহিন আলম (২৫)। তিনি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ সাধিপুর গ্রামে বাসিন্দা। আটক চারজন হলেন দিনাজপুর সদরের বড়ইল বটতলী গ্রামের ওমর ফারুক (৩০), করিমুল্লাহপুর গ্রামের সুমন মিয়া (২৩), বিরামপুরের কাটলা বাজারের সাখাওয়াত হোসেন (২৮) ও নবাবগঞ্জ উপজেলার তিখুর গ্রামের তাহাজুল ইসলাম। এ ঘটনায় বিরামপুর থানায় মামলা হয়েছে।
শাহিন আলমের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহিন দিনাজপুরের পুলহাট এলাকার একটি চালকলের শ্রমিক। কর্মস্থলে যাওয়ার জন্য শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেন ওমর ফারুক ও সুমনসহ কয়েকজন। বিরামপুরের কাটলা ইউনিয়নে আসার পর তাতে ওঠেন সাখাওয়াত ও তাহাজুল। এরপর মাইক্রোবাসটি উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা-সাগরপুর গ্রামের সাগরদিঘি পাড়ে গিয়ে থামে। এ সময় তাঁকে (শাহিন) বলা হয়, তাঁর আত্মীয় শাহাদতের কাছে মোটা অঙ্কের টাকা পান সাখাওয়াত। ফোন করে শাহাদতকে দ্রুত সেই টাকা আনতে বলতে হবে। তা না করলে তাঁকে হত্যার হুমকি দেন তাঁরা। একপর্যায়ে শাহিন উচ্চস্বরে চিৎকার দিয়ে পুকুরে লাফ দেন। তখন স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ওমর, সুমন, সাখাওয়াত, তাহাজুল ও মাইক্রোবাসের চালক মাহাদেব দাশকে আটক করে পুলিশে খবর দেন।
সাখাওয়াত পুলিশের কাছে দাবি করেছেন, শাহাদত তাঁর কাছ থেকে ধানের কুঁড়া বাকিতে নিয়ে আর টাকা দেননি। এ কারণে শাহাদতকে তুলে আনার পরিকল্পনা করেন তিনি। কিন্তু ভুল করে শাহিনকে তুলে আনা হয়।
তবে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সামছুল আলম প্রথম আলোকে বলেন, মাদকের পাওনা টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে। আটক ব্যক্তিদের প্রত্যেকেই মাদক ব্যবসায়ী। এর মধ্যে সাখাওয়াত ও তাহাজুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ২৭ বোতল ফেনসিডিলও জব্দ করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, ঘটনার শিকার শাহিন অত্যন্ত গরিব মানুষ। তিনি বাদী না হতে চাওয়ায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে আটক চারজন ও পলাতক তিনজনকে আসামি করা হয়েছে। মাইক্রোবাসচালক নির্দোষ হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে ওই চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।