তরুণকে কাঁচি দিয়ে খুঁচিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে বন্ধুকে গালাগাল করায় এক তরুণকে কাঁচি দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর মহল্লায়।
সদর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিনগর মহল্লার নুরুল ইসলামের ছেলে মো. হীরা (২৩) গত শুক্রবার বিকেলে বাড়ির সামনে দাঁড়িয়ে তাঁর বন্ধু দক্ষিণ সালন্দর মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে জাকির হোসেনকে ব্যক্তিগত বিষয় নিয়ে মুঠোফোনে বকা দেন। এতে হীরার ওপর ক্ষিপ্ত হন জাকির। রোববার রাত আটটার দিকে হীরা শান্তিনগর মহল্লার শহীদুলের মুদি দোকানের সামনের রাস্তায় আসেন। এ সময় জাকির তাঁর মায়ের দরজির দোকান থেকে কাঁচি এনে ভাই খালেকের সহযোগিতায় হীরার বুকে, পেটে উপর্যুপরি খোঁচাতে থাকেন। গুরুতর অবস্থায় হীরাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে হীরা মারা যান।
এ ঘটনায় রোববার রাতে নিহত হীরার ভাই শাহজাহান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। গতকাল সোমবার সকালে হীরার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদী হাসান বলেন, গতকাল ভোরে শান্তিনগর মহল্লার জাকির (২৫), তাঁর ভাই খালেক (১৮) ও মা খোদেজা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।