তরুণকে কুপিয়ে হত্যা, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে সজীব হোসেন (১৭) নামের মুঠোফোন দোকানের কর্মচারীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শনিবার পাঁচজনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন আদমদীঘির উপজেলার পুশিন্দা কোলাদীঘি গ্রামের রনি আকতার (২১), কায়েতপাড়া গ্রামের রশিদুল ইসলাম (৩৮) ও ধামাইল ঘোড়াদহ গ্রামের মুনিরা খাতুন (২১) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবদুল মান্নান (৩২) ও আবু হাসান (২৮)।
নিহত সজীবের বড় ভাই শাহাবুল হোসেন ও পুলিশ সূত্র জানায়, উপজেলার পুশিন্দা গ্রামের সজীব হোসেন মুরইল বাজারের ‘ঔম শান্তি’ নামের মুঠোফোন দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। সজীব হোসেনের সঙ্গে পাশের ধামাইল ঘোড়াদহ গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে ওই মেয়েকে আরেক ছেলে ভালোবাসত। এ নিয়ে ওই ছেলেসহ কয়েকজন সজীব হোসেনকে দোকানে এসে নানাভাবে হুমকি দেয়। গত মঙ্গলবার সজীব দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। চার দিন পর শুক্রবার সন্ধ্যায় পাশের দত্তবাড়িয়া গ্রামের কাছে সেতুর নিচে স্থানীয় লোকজন সজীবের লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং গতকাল সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।