তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে আলামিন মিয়া নামের এক তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, নিহত আলামিনের (৩০) বাড়ি শহরের কাউরিয়াপাড়ায়। তাঁর বাবার নাম ইমান আলী। আলামিন পেশায় পরিবহনশ্রমিক ছিলেন। এক সপ্তাহ আগে নরসিংদী পরিবহনের যাত্রীবাহী বাসের চালক হিসেবে যোগ দেন তিনি।
এক সপ্তাহ আগে বাস ভাড়া নিয়ে কাউরিয়াপাড়ার রানা মিয়া নামের এক ব্যক্তির অনুসারীদের সঙ্গে আলামিনের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে পরদিন রানার অনুসারীরা আলামিনকে পিটিয়ে আহত করেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিষয়টি মীমাংসার জন্য রানার অনুসারীরা আবার মুঠোফোনে আলামিনকে ডেকে নিয়ে যান। পরে রাত ১১টার দিকে কাউরিয়াপাড়ার তৈমুর রহমান টেক্সটাইলের কাছে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন লোকজন। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।