তরুণকে কুপিয়ে খুন ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার ধানখেত থেকে তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগের রাতে পটুয়াখালীর বাউফল উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
লোহাগড়ায় নিহত তরুণের নাম মামুন মোল্লা (১৮)। তিনি দেবী গ্রামের ইকবাল মোল্লার ছেলে। কিছুদিনের মধ্যেই চাকরির জন্য তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। বাউফলে উদ্ধার করা লাশটি শিপ্রা দাসের (১৩)। সে আলোকি চাঁদকাঠি গ্রামের মনোহর দাসের মেয়ে।
মামুন মোল্লার পরিবার সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় মামুন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। গতকাল সকাল ১০টার দিকে গ্রামের ধানখেতে মামুনের লাশ দেখতে পান লোকজন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মামুনকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে শিপ্রার বাবা মনোহর দাস বলেন, বুধবার রাত পৌনে আটটার দিকে তিনি বাড়িতে এসে শিপ্রাকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে তিনি ঘরের পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকেন এবং মেঝেতে শিপ্রার লাশ পড়ে থাকতে দেখেন। তাঁর স্ত্রী সাধনা রানী কিছুটা অপ্রকৃতিস্থ। তাঁর সঙ্গেই শিপ্রা থাকত। এ ঘটনার পর সাধনা রানী কোনো কথাই বলছেন না। শিপ্রা এ বছর চাঁদকাঠি মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয়। গতকাল ছিল কৃষিশিক্ষা বিষয়ের পরীক্ষা ও পরীক্ষার শেষ দিন।
বাউফল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, শিপ্রার গলায় দাগ রয়েছে। তবে এটা হত্যা, না আত্মহত্যা—তা ময়নাতদন্তের পর বলা যাবে। লাশ উদ্ধার করে গতকাল পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সহপাঠীরা জানায়, শিপ্রা চঞ্চল স্বভাবের ছিল। পরীক্ষার আগে শিপ্রাকে পরিবারের সদস্যরা বিয়ে দিতে চান। সে রাজি ছিল না। এ নিয়ে পরিবারের লোকজন শিপ্রাকে মাঝেমধ্যে বকাঝকা করত।