তরুণকে কুপিয়ে হত্যা কবিরাজের মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মৃণাল কান্তি দাস (২৪) নামে এক তরুণকে গত বৃহস্পতিবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নূর মোহাম্মদ (৫৫) নামে এক কবিরাজের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার বসতঘর থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।
গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত নয়টার কুলিয়ারচর পৌর শহরের দাসপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় প্রদীপ কুমার দাস নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মৃণাল কান্তি ওরফে সানি কুলিয়ারচরের দাসপাড়া মহল্লার রঞ্জিত কুমার দাসের ছেলে। স্থানীয় একটি মন্দিরের নিয়ন্ত্রণ ও উন্নয়ন প্রকল্প নিয়ে একই মহল্লার সুব্রত কুমার দাসের সঙ্গে মৃণাল ও তাঁর পরিবারের বিরোধ চলছিল। মৃণাল গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ঘর থেকে বের হয়ে পাড়ার একটি দোকানের সামনে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে মৃণালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাজিতপুর উপজেলায় অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা রঞ্জিত কুমার দাস বাদী হয়ে গতকাল শুকবার কুলিয়ারচর থানায় এজাহার জমা দিয়েছেন। ওই এজাহারে একই পাড়ার বিজয় চন্দ্র দাসকে প্রধান এবং সুব্রত কুমার দাসকে ২ নম্বর আসামি করা হয়েছে। মৃণালের মামাতো ভাই পলাশ চৌধুরী জানান, অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সুব্রতের রোষানলে পড়ে মৃণাল খুন হন। ঘটনার পর থেকে সুব্রতসহ তাঁর পরিবারের লোকজন এলাকা ছেড়ে চলে গেছেন।
এ বিষয়ে কথা বলার জন্য সুব্রত কুমারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দাসপাড়ার প্রদীপ কুমার দাসকে আটক করা হয়েছে।
নাসিরনগর উপজেলার চাপড়তলা গ্রামের কবিরাজ নূর আহমদের স্ত্রী কুলসুমা বেগম দাবি করেন, নূর আহমদ বৃহস্পতিবার গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে নূর আহমদের ছোট ভাই হোসাইন মিয়ার দাবি, তাঁর ভাইকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহত ব্যক্তির স্ত্রী কুলসুমা বেগম , মেয়ে জহুরা বেগম ও জহুরার স্বামী মুছন মিয়াকে আটক করেছে।