তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় শত্রুতার জের ধরে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাতটার দিকে মুণ্ডুমালা পৌর এলাকার গৌরাঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত তরুণের নাম মো. রুবেল (২৮)। তিনি গৌরাঙ্গপুর গ্রামের আবদুর রশিদ মাস্টারের ছেলে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন একই গ্রামের মন্তাজ আলী (৫৫) ও তাঁর ছেলে আবদুল্লাহ (৩০)।

স্থানীয় কয়েকজন বলেন, আবদুর রশিদ ও মন্তাজ আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জের ধরেই রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে রশিদ মাস্টারের লোকজন মন্তাজ আলীর বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই দুজনকে গ্রেপ্তার করে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালামের ভাষ্য, এ দুই পরিবারের নারী সদস্যদের মধ্যে কয়েক দিন ধরে ঝগড়া চলছিল। গতকাল সকালে রুবেল প্রতিপক্ষের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মন্তাজ আলী, আবদুল্লাহ ও তাঁদের লোকজন রুবেলের ওপর হামলা চালায়। এ সময় হাঁসুয়া দিয়ে কুপিয়ে রুবেলকে আহত করা হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।