তরুণকে কুপিয়ে হত্যা, তরুণীর লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে গত শনিবার রাতে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে কালিয়াকৈরে গতকাল রোববার এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তরুণের নাম লিটন মিয়া (২৮)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। তবে তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
পরিবার ও থানা-পুলিশ বলেছে, লিটন সপরিবারে টঙ্গীর মধুমিতা রোড এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার রাত নয়টার দিকে লিটনের এক বন্ধু তাঁকে বাসা থেকে ডেকে নেন। এর পরই পূর্ব আরিচপুর এলাকায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে পালায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্টেশন রোডের একটি ক্লিনিকে নেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় গতকাল টঙ্গী মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত লিটন বাসচালক ছিলেন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, পূর্বশত্রুতার জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক এলাকা থেকে গতকাল সকালে অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করা হয়। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। হাইটেক পার্ক এলাকার ঢাকা-রাজশাহী রেলপথের পাশে ওই নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। জয়দেবপুর রেলপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি।