তরুণকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে গত শনিবার সন্ধ্যায় অপহরণকারী সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। তবে পুলিশ বলছে, ওই ব্যক্তি দুটি শিশুকে উত্ত্যক্ত করছিলেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাজন মোল্লা (২৫)। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দুটি শিশুর একজনের বাবা বলেন, তাঁর মেয়ে ও প্রতিবেশী এক মেয়ে প্রাইভেট পড়তে যায়। গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে প্রাইভেট পড়ে তারা দুজন শহরের নিমতলা মসজিদের গলিপথ ধরে বাড়ি ফিরছিল। পথে শহরের থানাপাড়ার রাজন মোল্লা তাদের হাত ধরে টানাটানি করেন। এ সময় শিশু দুটির চিৎকারে পথচারীরা এগিয়ে এলে রাজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন এলাকার লোকজন তাঁকে অপহরণকারী ভেবে গণপিটুনি দেন। পরে পুলিশকে খবর দেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এলাকার লোকজন অপহরণকারী ভেবে তাঁকে আটক করেন। পরে জানা যায়, তিনি দুটি শিশুকে উত্ত্যক্ত করছিলেন। এ ঘটনায় একটি শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।