তরুণকে দাওয়াত দিয়ে ডেকে খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাট উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর গত শনিবার রাতে দরজি দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন গতকাল বৃহস্পতিবার আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

নিহত দরজির নাম ইমরান হোসেন (২৪)। তিনি কানাইঘাট পৌর শহরের সোনাপুর এলাকার আবু বক্করের ছেলে। তিনি শহরে চয়েস টেইলার্স নামের একটি দোকানের মালিক।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দুর্গাপুর দক্ষিণ নয়াগ্রামের প্রবাসী বদরুল ইসলামের স্ত্রী সুহাদা বেগম (২০), ভাই মাসুম আহমদ (৩০), সুহাদার ভাই ইমরান আহমদ (২৪), তাঁদের আত্মীয় ও পাশের লক্ষ্মীপ্রসাদ গ্রামের জাহাঙ্গীর আলম (২৩)।

মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এসআই জুনেদ আহমদ বলেন, জবানবন্দি দেওয়ার পর গতকাল সন্ধ্যায় সুহাদাকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর জবানবন্দির সত্যতা সম্পর্কে জানতে গ্রেপ্তার হওয়া বাকি তিনজনকে রিমান্ডে নেওয়া হবে।

পুলিশ সূত্র জানায়, জাহাঙ্গীর আলম ও মাসুম আহমদ ১৯ সেপ্টেম্বর রাতে ইমরানকে দাওয়াত দিয়ে নিয়ে যান। ইমরান না ফেরায় পরদিন মঙ্গলবার তাঁর বাবা আবু বক্কর কানাইঘাট থানায় জিডি করেন। জিজ্ঞাসাবাদের জন্য ওই দিনই পুলিশ জাহাঙ্গীর ও মাসুমকে আটক করে। তাঁরা ইমরানকে হত্যার কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে সুহাদা ও তাঁর ভাই ইমরানকে আটক করে। তাঁরা হত্যার কথা স্বীকার করে লাশ গুম করার স্থান সম্পর্কে তথ্য দেন। এর ভিত্তিতে পুলিশ শনিবার রাতে সুহাদার বাড়িতে অভিযান চালায়। রাত সাড়ে নয়টার দিকে পুকুরে পানির নিচ থেকে ইমরানের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমরানের বাবা গতকাল ওই চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। বিকেলে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নজরুল ইসলামের আদালতে সুহাদা বেগম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রেমঘটিত কারণে ইমরানকে হত্যার পরিকল্পনা করার কথা স্বীকার করেন।

কানাইঘাট থানার ওসি হুমায়ুন কবির বলেন, আটক হওয়ার পর চারজন পুলিশের কাছে যে তথ্য দিয়েছেন, তার ভিত্তিতে লাশ উদ্ধারসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যায় সহযোগিতা করায় সুহাদা ও তাঁর ভাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে।