তরুণকে ধরে নিয়ে দুই হাতের আঙুল কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদরে মো. আল আমিন ওরফে চান্দু আল আমিন (২২) নামের এক তরুণকে অস্ত্রের মুখে ধরে নিয়ে তাঁর দুই হাতের সব আঙুল কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা।
গতকাল বুধবার দুপুরে উপজেলার সাহেপ্রতাব এলাকা থেকে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে বেলা দেড়টার দিকে প্রতিপক্ষের লোকজন নরসিংদী পৌরসভার সামনে থেকে অস্ত্রের মুখে আল আমিনকে ধরে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় সাহেপ্রতাব এলাকার একটি ইটভাটার পাশে পড়ে থাকতে দেখে। এরপর তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সামসুর রহমান জানান, আল আমিনের এক হাতের সব আঙুল ও অন্য হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আল আমিনের ভাই রহিম মিয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে তাঁর বোনের সঙ্গে স্বামী শফিকুলের ছাড়াছাড়ি হয়ে যায়। এ ঘটনায় পৌর মেয়রের কাছে বিচার দেন আল আমিন। পরে সালিসে তাঁর বোনের সাবেক স্বামীকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনার জের ধরে সন্ত্রাসী দিয়ে আল আমিনের দুই হাতের আঙুল কেটে দেওয়া হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ওসি কে এম আবুল কাসেম বলেন, আল আমিনের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পূর্ববিরোধের জের ধরে তাঁর সাবেক ভগ্নিপতি সন্ত্রাসী দিয়ে তাঁর দুই হাতের আঙুল কেটে দিয়েছে।