তরুণকে ধরে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দারকে হত্যাচেষ্টার অভিযোগে মিশন ইসলাম নামের এক তরুণকে ধারালো অস্ত্রসহ ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে হুইপ সোলায়মান চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কের একটি ক্লাব থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় অজ্ঞাতনামা চারজন তাঁকে অনুসরণ করেন, যাঁদের একজনের হাতে থলে দেখে সন্দেহ হয়। তাঁর (হুইপ) সঙ্গে থাকা দলীয় কর্মীরা ওই চারজনের পরিচয় জানতে চাইলে তিনজন দৌড়ে পালিয়ে যান। এ সময় মিশন ধরা পড়েন। তাঁর কোমর থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এরপর তাঁকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে অন্য সহযোগীদের নাম জানতে পিটুনি দেওয়া হয়।
রাত আটটার দিকে মিশনকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। এ সময় মিশন বলেন, জ্বীনতলা পাড়ার এক মুরগির কারবারি তাঁকে ধারালো অস্ত্রটি রাখতে দিয়েছেন।
জানা গেছে, মিশন ইসলাম চুয়াডাঙ্গা শহরের জ্বীনতলা মল্লিক পাড়ার মেহেরুল ইসলামের ছেলে। তিনি একটি মাছের দোকানের কর্মচারী।
হুইপ সোলায়মান হক জোয়ার্দার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আটক তরুণ পলাতক অন্য তিনজনের পরিচয় দিয়েছে। পলাতকদের কাছে বোমা ছিল। ধারণা করা হচ্ছে, আমাকে খুনের জন্যই পিছু নিয়েছিল তারা।’
সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মিশনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।