মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় কায়েস আহাম্মেদ নামের এক তরুণকে প্রকাশ্যে লাঠিপেটা, সেই দৃশ্য ধারণ এবং পরে নাশকতার মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। কায়েসের পরিবারের অভিযোগ, উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদ্যসমাপ্ত নির্বাচনে বিজয়ী ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্করের পক্ষে কাজ না করায় তিনিই এসব কাজ করেছেন।
উপজেলার আঠালিয়া গ্রামের কয়নাল ব্যাপারীর ছেলে কায়েস আহাম্মেদ (২২)। তাঁর স্ত্রী ঝর্ণা বেগম বলেন, গত ইউপি নির্বাচনে কায়েস ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী স্থানীয় আওয়ামী লীগের নেতা মাসুদ রানার হয়ে কাজ করেন। এতে তাঁর (কায়েস) ওপর ক্ষুব্ধ ছিলেন মাসুদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু বক্কর। নির্বাচনের পর থেকে আবু বক্কর নানাভাবে কায়েসকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।
ঝর্ণা বেগমের অভিযোগ, আবু বক্করের ঘনিষ্ঠজন মিজানুর রহমান ও বিল্লাল ব্যাপারী ১৩ জুন সকালে তাঁর স্বামীকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। এরপর তাঁকে আবু বক্করের শ্বশুর একই গ্রামের (আঠালিয়া) জসিম উদ্দিনের বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে কয়েক দফায় লাঠিপেটা করেন। এ সময় আবু বক্করসহ শতাধিক উৎসুক মানুষ ওই দৃশ্য দেখেন। একপর্যায়ে কায়েস অচেতন হয়ে পড়লে লোকজন বিষয়টি ধল্লা পুলিশ ফাঁড়িকে জানান। ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে কায়েসকে থানায় নিয়ে যান। এরপর তাঁকে নাশকতার একটি মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিকার চেয়ে তিনি ২৩ জুন মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
সিঙ্গাইর থানা সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল সিঙ্গাইর থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে কায়েসকে ১৩ জুন মানিকগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন। এরপর থেকে তিনি জেলহাজতে রয়েছেন।
সিঙ্গাইর থানায় ১৮ এপ্রিল দায়ের হওয়া ওই মামলা পর্যালোচনা করে দেখা যায়, গত ১৭ এপ্রিল রাতে সিঙ্গাইরের লক্ষ্মীপুর গ্রামের সামসুল হকের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে বৈঠক চলাকালে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় গৃহকর্তা সামসুল হক ও আব্দুর রহমান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই মামলা করা হয়।
জানতে চাইলে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, কায়েসের বিরুদ্ধে নাশকতাসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে তাঁকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে কায়েসের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেননি তিনি।
কায়েসকে লাঠিপেটা ও সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার পরও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া প্রসঙ্গে ওসি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ রকম হয়ে থাকলে কায়েসের পরিবারের পক্ষ থেকে অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক বলেন, নির্বাচন-সংক্রান্ত কোনো বিষয় নয়, নাশকতাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার কারণে কায়েসকে ধরে লাঠিপেটা করে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। গ্রামের লোকজনের সঙ্গে তিনিও লাঠিপেটার সময় উপস্থিত থাকার কথা স্বীকার করেন।
তবে আবু বক্করের প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী মাসুদ রানা বলেন, ‘নির্বাচনে কায়েস আমার হয়ে কাজ করার কারণেই মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে লাঠিপেটা করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুধু তা-ই নয়, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’