তরুণকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
সিলেট নগরের সুবিদবাজার এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে এক তরুণকে হত্যা করেছেন মোটরসাইকেল আরোহী তিন যুবক। গতকাল শুক্রবার বিকেলে সিলভার স্টার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম রাজিকুল ইসলাম (২২)। তিনি বিশ্বনাথ উপজেলার সোনাপুর গ্রামের তেরাব আলীর ছেলে। তিনি সিলেট নগরের বনকলা পাড়া এলাকায় মামার বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ শিখতেন।
ব্যস্ত এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে তরুণকে হত্যার ঘটনায় সুবিদবাজার ও বনকলা পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের পরপরই মার্কেটের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী বলেন, ছুরিকাঘাতকারীদের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লাগার ঘটনার সূত্র ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গতকাল রাত আটটা পর্যন্ত খুনি শনাক্ত হয়নি। পুলিশ খুনিদের শনাক্ত করার চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও নিহত তরুণের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে মামার জন্য ওষুধ কিনতে রাজিকুল সিলভার স্টার মার্কেটে যান। দোকানের সামনে রাস্তার পাশে অবস্থানকালে তাঁর ওপর অতর্কিতে আক্রমণ করা হয়। হত্যাকারীরা মোটরসাইকেল থেকে নেমেই তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কয়েকজন তাঁকে উদ্ধার করে প্রথমে পাঠানটুলা এলাকার জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সন্ধ্যার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ওই তরুণের বুক ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত রাজিকুলের বড় ভাই তাজুল ইসলাম বলেন, কী কারণে, কারা ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে তাঁরা কিছু বলতে পারছেন না।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।