তরুণকে মারধরের অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে
লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের বিরুদ্ধে গত মঙ্গলবার মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আবদুল জব্বারের ছেলে আরিফুল ইসলামকে (২২) মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও এসআই মনিরুজ্জামানের বিচারের দাবিতে স্থানীয় লোকজন গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের মিশন মোড় চত্বরে মানববন্ধন করেছেন।
এ ছাড়া এই ঘটনায় গত বুধবার পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আরিফুলের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে শহরের উত্তর সাপটানার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় আরিফুলের সঙ্গে আবদুল খালেকের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ওই দিন রাতেই আরিফুলের বাসার সামনে তাঁকে মারধর ও লাথি মেরে মাটিতে ফেলে দেন এসআই মনিরুজ্জামান। এ সময় এসআই মনিরুজ্জামান বলতে থাকেন, ‘তুই জানিস না ও (খালেক) আমার বন্ধু হয়, তুই কেন ওর (খালেক) সঙ্গে বাড়াবাড়ি করিস।’ এ কথা বলেন আর মারতে থাকেন। পরে একটি সাদা কাগজে জোর করে আরিফুলের স্বাক্ষর নেন মনিরুজ্জামান। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেল পাঁচটার দিকে শহরের মিশন মোড় চত্বরে ওই মানববন্ধন হয়।
আরিফুল বলেন, ‘পুলিশ কর্মকর্তাকে যদি সাদা কাগজে আমি সহি না দিই, তা হলে আমাকে থানায় নিয়ে যাবে বলে হুমকি দিলে আমি সহি দিতে বাধ্য হই। ওই পুলিশ কর্মকর্তা আমাকে আমার পরিবারের সদস্যদের সামনে এভাবে প্রকাশ্যে মারধর করায় আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছি।’
মুক্তিযোদ্ধা জব্বার বলেন, ‘যে দেশের জন্য যুদ্ধ করলাম, সেই স্বাধীন দেশে পুলিশ কর্মকর্তা হওয়ার দাপটে মনিরুজ্জামান আমার ছেলেকে এভাবে মারধর করল, কীভাবে এটা আমি মেনে নিই? আমি পুলিশ সুপারকে অভিযোগ করেছি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারকে জানিয়েছি। শুনছি, সাদা কাগজে নেওয়া ছেলের স্বাক্ষর নাকি তার বিরুদ্ধেই ব্যবহার করার চক্রান্ত চলছে। তাই এলাকাবাসীকে নিয়ে রাজপথে মানববন্ধন করতে বাধ্য হলাম।’
লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমি লালমনিরহাটের বাইরে আছি, আমাকে মুক্তিযোদ্ধা জব্বার মুঠোফোনে তাঁর ছেলেকে বিনা দোষে এসআই মনিরুজ্জামান মারধর করেছেন বলে জানিয়েছেন। আমি তাঁকে বলেছি, আপনি শান্তিপূর্ণভাবে প্রতিকার পাওয়ার জন্য যে পদক্ষেপ নেওয়া ভালো মনে করেন, তা-ই করেন। আমরা আপনার সঙ্গে আছি।’
এ ব্যাপারে জানতে চাইলে এসআই মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি ওই এলাকায় মারামারির খবর পেয়ে সেখানে যাই। আরিফুলকে মারধর করিনি। আমি আরিফুল আর খালেকের মধ্যে মিলমিশ করে দিয়েছি।’
পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে বুধবার আরিফুল স্বাক্ষরিত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এসআই মনিরুজ্জামান দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’