তরুণকে হত্যার পর লাশ নদীতে নিক্ষেপ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নূর মোহাম্মদ ওরফে বাবু নামের এক তরুণকে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার ভোরে শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকায় যমুনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নূর মোহাম্মদ (২২) দৌলতপুরের চরকল্যাণপুর গ্রামের আফছার সরদারের ছেলে। পুলিশ ও নিহত বাবুর পরিবার সূত্র জানায়, গ্রামের কয়েকজনের সঙ্গে জুয়া খেলতেন নূর মোহাম্মদ। বৃহস্পতিবার বিকেলে জুয়ায় মুঠোফোন সেটও খোয়ান তিনি। এ নিয়ে জুয়াড়িদের সঙ্গে তাঁর হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যার পর নিখোঁজ হন তিনি। গত শনিবার সন্ধ্যায় ষাইটঘর তেওতা এলাকায় নদীতে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। গতকাল ভোর চারটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
পরিবার বলছে, জুয়া খেলাকে কেন্দ্র করে এলাকার কয়েকজনের সঙ্গে নূরের বিরোধ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁকে পিটিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়।
শিবালয় থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, লাশের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গতকাল সন্ধ্যায় দৌলতপুর থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।