তরুণদের আটক করে টাকা দাবি, তিন পুলিশ সদস্য প্রত্যাহার
তিন তরুণকে আটক করে টাকা দাবি করার অভিযোগ ওঠায় সিলেট মহানগর পুলিশের সোবহানীঘাট ফাঁড়িতে রাতের পালায় কর্তব্যরত তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাঁরা হলেন এএসআই মোস্তাফিজুর রহমান, কনস্টেবল রাজন ও পাভেল।
পুলিশ সূত্র জানায়, এ তিনজন নগরের ঝেরঝেরিপাড়ায় গত শনিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে তিনজন তরুণকে আটক করেন। তাঁদের ‘সন্দেহভাজন জঙ্গি’ হিসেবে আটকের ভয় দেখিয়ে ১৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে সিলেট-২ আসনের জাতীয় পার্টির সাংসদ ইয়াহইয়া চৌধুরী ঘটনাস্থলে গিয়ে তিন পুলিশ সদস্যকে আটক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় রাতেই তিন পুলিশ সদস্যকে সোবহানীঘাট ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
সাংসদ ইয়াহইয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, ওই তিন তরুণ তাঁর নির্বাচনী এলাকার বাসিন্দা। রাতে তাঁর বাসা থেকে বাড়ি ফিরছিলেন। পথে পুলিশ তাঁদের আটক করেছে এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশের পদস্থ কর্মকর্তাদের জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।