তরুণদের প্রতিবাদে জরিমানা দিতে বাধ্য হন উত্তরার এক বাড়ি মালিক
পথের কুকুরকে পিটিয়েছিলেন এক নিরাপত্তারক্ষী। এ জন্য ৮ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে রাজধানীর একটি বাড়ির মালিককে। গত শনিবার উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুকুরটির চিকিৎসার জন্য জরিমানা দিতে বাধ্য হন বাড়ির তত্ত্বাবধায়ক।
গত শনিবার বিকেলে ওই এলাকার ৫ নম্বর সড়কের একটি বাড়ির নিরাপত্তারক্ষী আবদুল মুনসি (৬০) একটি কুকুরকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেন। এলাকার পশুপ্রেমী তরুণেরা ঘটনাটি পোস্ট করেন ফেসবুকভিত্তিক পোষ্য প্রাণী অধিকার সংরক্ষণ গ্রুপ রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার-এর পাতায়। পরে গ্রুপটির অ্যাডমিন আফজাল খান তাঁর সহকর্মী ও এলাকার তরুণদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন। পরে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক হারুন ও কল্যাণ সমিতির নেতাদের মধ্যস্থতায় বাড়ির মালিক আহত কুকুরটির চিকিৎসার খরচ দিতে সম্মত হন।
প্রাণী অধিকার সংরক্ষণে তরুণদের এ সচেতনতার প্রশংসা করেছেন উত্তরার ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি শরীফ। তিনি বলেন, তরুণদের এ সচেতনতা প্রশংসাযোগ্য। এই সচেতনতাই মানুষকে আরও মানবিক করে তুলতে পারে।
পথের ওই কুকুরটির চিকিৎসা ও অভিভাবকত্ব গ্রহণ করেন নওশিন নামের এক তরুণী। কল্যাণ সমিতির নেতাদের উপস্থিতিতে নওশিনের হাতে জরিমানার অর্থ তুলে দেন আবদুল মুনসির বাড়ির তত্ত্বাবধায়ক। ঘটনার প্রত্যক্ষদর্শী অনিক, জেরিন, নাদিয়া ও অমির কাছ থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।
প্রাণী অধিকার সংরক্ষণ ও আহত প্রাণীদের উদ্ধারে কাজ করা সংগঠন রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ারের প্রধান আফজাল খান জানান, মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন তারা। এ জন্য ফেসবুকভিত্তিক একটি গ্রুপ পরিচালনা করেন তিনি। প্রাণীপ্রেমীদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ও সহযোগিতায় আহত প্রাণীদের উদ্ধার ও চিকিৎসা দিয়ে আসছেন তিনি ও তাঁর দল।