তরুণসহ দুজনকে হত্যা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক তরুণকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার কাজলকুড়ি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। একই দিন নারায়ণগঞ্জ নগরে আরেকজনকে কুপিয়ে হত্যা করা হয়।
সাটুরিয়ায় নিহত তরুণের নাম জসিম উদ্দিন (৩০)। তিনি উপজেলার কাজলকুড়ি গ্রামের খোরশেদ আলীর ছেলে। তিনি এলাকায় কেব্ল অপারেটরের কাজ করতেন। আর নারায়ণগঞ্জ নগরে নিহত ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন ওরফে ইবু (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন জসিম। রাত ১০টার দিকে তাঁর মুঠোফোনে কল আসে। কল পেয়ে তিনি বের হন। তারপর তিনি ফেরেননি। গতকাল সকাল ১০টার দিকে বাড়ির অদূরে একটি ভুট্টাখেতে জসিমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর বেলা দুইটার দিকে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, শনিবার রাতের কোনো একসময় জসিমকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে।
এদিকে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল বলেন, নগরীর উত্তর হাজীগঞ্জ আদর্শ এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে ফয়সাল হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই ফয়সাল বাড়ির মূল্যবান সামগ্রী বাইরে বিক্রি করে দিত। এ নিয়ে মা-বাবা প্রায়ই ফয়সালকে বকাঝকা করতেন। গতকাল বিকেলে মাদক সেবনের জন্য ছেলেকে বকাঝকা করেন বাবা ইব্রাহিম। এতে ক্ষুব্ধ হয়ে ফয়সাল বাবাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন ফয়সালকে ধরে পুলিশে সোপর্দ করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।