তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নের এক কৃষকের মেয়েকে (১৫) তার এক আত্মীয়ের সহযোগিতায় অপহরণ করে পাঁচ দিন আটকে রেখে দুই যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহরণের ৩৭ দিন পর বাড়িতে ফিরে এ ঘটনায় মেয়েটি নান্দাইল মডেল থানায় তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়। গত শুক্রবার রাতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত করে পুলিশ।
মেয়েটি গত বৃহস্পতিবার অভিযোগ করে, একই উপজেলার বাসিন্দা তার চাচাতো বোনের স্বামী গত ১০ আগস্ট বেড়ানোর কথা বলে তাকে স্থানীয় একটি বাসস্ট্যান্ডে নিয়ে যান। সেখানে দুই যুবকের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। পরে সবাই মিলে কোমল পানীয় পান করে। এরপর তার আর কিছু মনে নেই।
মেয়েটি আরও জানায়, জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি ঘরে দেখতে পায়। ওই যুবকেরা ঘরটিতে ঢুকে প্রতিদিন তাকে ধর্ষণ করত। যুবকদের কথাবার্তা থেকে জায়গাটি ‘চান্দনা মৌচাক’ এলাকা বলে জানতে পারে ওই তরুণী। তার চাচাতো বোনের স্বামীর কাছ থেকে দুই হাজার টাকায় তাকে কিনেছে বলে জানায় দুই যুবক। পাঁচ দিন পর সুযোগ পেয়ে ঘর থেকে পালিয়ে এক বাসায় গৃহপরিচারিকা হিসেবে আশ্রয় নেয় সে। একপর্যায়ে ঘটনা শুনে তাকে বাড়িতে যাওয়ার বাসে তুলে দেন ওই বাসার মালিক। বাড়ি ফেরার পর ঘটনা শুনে গ্রামের এক নারী তাকে থানায় নিয়ে আসেন। মেয়েটির মা বলেন, নিখোঁজের রাতেই তিনি ওই আত্মীয়ের বাড়িতে ছুটে যান। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাননি। পরে ১৯ আগস্ট তিনি থানায় জিডি করেন।
নান্দাইল থানার ওসি সাইফুল ইসলাম ফরাজী বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।