তরুণীকে উত্ত্যক্ত, ২ রেল পুলিশ প্রত্যাহার
একজন তরুণী রেলযাত্রীকে উত্ত্যক্ত করা ও মুঠোফোনে তাঁর ছবি তোলার অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে। এ অভিযোগে তাঁদের ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী রেলওয়ে জংশনে তরুণী যাত্রীর ছবি তোলা ও তাঁর সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ ওঠে পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে। পরে রাত ৯টার দিকে পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের প্রত্যাহার করে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়। পুলিশের ওই দুজন সদস্য হলেন সাজ্জাদ হোসেন ও অসীম কুমার।
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ খান বলেন, আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে দিনাজপুরের বিরামপুর যাওয়ার জন্য মা ও ভাইকে নিয়ে এক তরুণী ঈশ্বরদী জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। এ সময় প্ল্যাটফর্মে তরুণীকে পুলিশের ওই সদস্যরা উত্ত্যক্ত করেন বলে অভিযোগ পাওয়া যায়।
ওসি বলেন, সন্ধ্যায় তরুণীদের গন্তব্যের ট্রেনটি প্ল্যাটফর্মে আসার পর তরুণী মা, ভাইসহ বগিতে গিয়ে বসেন। অভিযোগ অনুযায়ী, এরপর পুলিশের ওই দুই সদস্যও বগিতে উঠে একপর্যায়ে মুঠোফোনে তরুণীর ছবি তোলেন। তরুণীর মা প্রতিবাদ জানালে পুলিশের সদস্যরা ট্রেন থেকে নেমে থানায় যান। এ সময় তরুণী আর তাঁর মা-ও জিআরপি থানায় এসে পুলিশের কর্তব্যরত কর্মকর্তাদের কাছে ওই দুই সদস্যের ব্যাপারে অভিযোগ করেন।
ওসি আরও বলেন, অভিযোগ শোনার পর পুলিশের ওই দুই সদস্যের মুঠোফোন পরীক্ষা করে ছবি তোলার বিষয়টি প্রমাণিত হয়। রাতেই সৈয়দপুর রেল পুলিশ সুপারের নির্দেশে ওই দুজনকে ঈশ্বরদী থেকে প্রত্যাহার করে সৈয়দপুর পুলিশ লাইনে পাঠানো হয়। তবে তরুণীর পক্ষ থেকে এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি।
জিআরপি থানা সূত্র বলেছে, ওসিকে অভিযোগ জানিয়ে ওই তরুণী ও তাঁর মা ট্রেনে উঠে চলে গেছেন।