তরুণীকে গলা কেটে হত্যা ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরে এক বাবা তাঁর মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যায় শহরের পুরাতন সাতক্ষীরা বদ্দীপুর কলোনি থেকে কামরুন্নাহার (২০) নামের ওই মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি ধানখেত থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়।
কামরুন্নাহারের ছোট বোন করিমুন্নেছা ও বড় ভাই সফিকুল ইসলাম জানান, এক বছর আগে কামরুন্নাহারের বিয়ে হয়। তাঁর স্বামী ঢাকার সাভারে পোশাক তৈরির একটি কারখানায় কাজ করতেন। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় তিন মাস আগে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। এ ঘটনায় কামরুন্নাহারের বাবা ভ্যানচালক মতিয়ার রহমান মেয়ের ওপর ক্ষুব্ধ ছিলেন।
পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, কলোনির ঘরে কামরুন্নাহার গতকাল দুপুরে খাওয়ার পর ঘুমিয়ে ছিলেন। এ সময় মতিয়ার রহমান ধারালো অস্ত্র দিয়ে মেয়ের গলা কেটে হত্যার পর লাশ লেপ-কাঁথা দিয়ে ঢেকে পালিয়ে যান। বিকেলে করিমুন্নেছা ঘরে কামরুন্নাহারের গলাকাটা লাশ দেখে প্রতিবেশীদের জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, ধারণা করা হচ্ছে, বাবাই মেয়েকে গলা কেটে হত্যা করেছেন।
বোয়ালমারীতে নিহত ব্যাটারিচালিত রিকশাভ্যানচালকের নাম সেলিম মল্লিক (২৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা তিনটার দিকে এলাকাবাসী উপজেলার ডোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর কাছে একটি খেতে সেলিমের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
বোয়ালমারী থানার ওসি মো. আলী বিশ্বাস বলেন, সেলিম মল্লিক কিছুদিন আগে ৩৯ হাজার টাকা দিয়ে ওই রিকশাভ্যানটি কিনেন। দুর্বৃত্তরা সেলিমের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর রিকশাভ্যানটি নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।