বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছুরিকাঘাত
তরুণীকে ছুরিকাঘাত করার পাঁচ মাস পর আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে ছুরিকাঘাত করার ঘটনায় করা মামলার আসামিকে পাঁচ মাস পর গ্রেপ্তার করা হয়েছে। আসামির নাম শাহ মোজাম্মেল হোসেন। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় একটি কার্গো জাহাজ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, গত ২৯ জুন মিরসরাই উপজেলার মধ্যম গড়িয়াইশে দিনমজুর জাফর আহমেদের মেয়ে মুন্নী আক্তারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান মোজাম্মেল। এ ঘটনায় নিহতের চাচা খায়রুল আলম বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন। গোপন তথ্যের ভিত্তিতে শিকলবাহা এলাকায় একটি কার্গো জাহাজ থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর পালিয়ে তিনি ওই জাহাজে চাকরি নেন। ছুরিকাঘাত করার কিছুদিন আগে মুন্নীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মোজাম্মেল।